ইংল্যান্ডের নতুন ধারার ক্রিকেট দ্য হান্ড্রেডের গত মৌসুমে এমন কীর্তির দেখা মেলেনি। তবে মিলেছে এবার। যেখানে ১০০ বলের খেলায় ঝড়ের গতিতে ১০০ করেছেন ইংলিশ ব্যাটার স্মিড। মাত্র ৪৯ বলেই ব্যক্তিগত শতরানের গণ্ডি পেরিয়েছেন তিনি। যার মাধ্যমে জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টটির ইতিহাসের পাতায়।
এজবাস্টনে দ্য হান্ড্রেডের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্মিংহাম ফিনিক্স ও সাউদার্ন ব্রেভ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বার্মিংহাম। নির্ধারিত ১০০ বলে ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে তারা।
.png)
তাদের এই রানের পাহাড় এসেছে স্মিডের কল্যাণে। তিনি একাই ইনিংসের অর্ধেক বল খেলেছেন, ২৫ বলে পেরোন ৫০। পরের ২৫ বলে তিনি যোগ করেছেন ৫১। শেষমেশ ৫০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন স্মিড।
৪৯তম বলে সেঞ্চুরি পূরণ করে ইতিহাস গড়ে ফেলেন স্মিড, দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। আগ্রাসী এই ইনিংস তিনি সাজান ৮টি চার ও ৬টি ছক্কার মারে।
তার সেঞ্চুরির সঙ্গে ক্রিস বেঞ্জামিন ১২ বলে ১৭ রান করেন। ক্যাপ্টেন মঈন আলি ১২ বলে ১৭ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন। লিয়াম লিভিংস্টোন একটু ধীরগতির ইনিংস খেলেছেন, ২০ বলে করেছেন ২১ রান। এছাড়া ৬ বলে ১০ রান করেন ম্যাথু ওয়েড।
সাউদার্ন ব্রেভের হয়ে ১০টি বল করে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন মার্কাস স্টয়নিস। ২০ বলে ২৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। জ্যাক লিনটট ২০ বলে ৩৩ রান উপহার দিয়ে ১ উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে হেনরি ব্রুকসের তোপের মুখে পড়ে ব্রেভরা। ব্রুকস ২৫ রান খরচায় তোলেন ৫ উইকেট, সঙ্গে কেন রিচার্ডসন শিকার করেন ৩ উইকেট। তাতে ১২৩ রান তুলতেই ইনিংস শেষ হয় তাদের। ৫৩ রানে জেতে বার্মিংহাম ফনিক্স। আর ইতিহাস গড়া স্মিড হন ম্যাচ সেরা।