দুঃস্বপ্নের এক জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়রা। দেশে ফিরে ওয়ানডেতে দলের পরাজয় নিয়ে সারপ্রাইজড হওয়ার কথা জানালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। হারের কারণ হিসেবে শতভাগ দিয়ে খেলতে না পারার কথা জানান তিনি।
শুক্রবার বিকেল ৫টার কিছু পর ঢাকায় পৌঁছায় বাংলাদেশ দল। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজয় এমন মন্তব্য করেন। তবে দলের সঙ্গে আসেননি তামিম ইকবাল আর নাঈম শেখ।
.png)
ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক জিম্বাবুয়ে থেকে রওয়ানা করে এখন দুবাইয়ে অবস্থান করছেন। টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে উড়ে গেছেন উইন্ডিজ ।
জিম্বাবুয়ে সফরে গিয়ে একেবারেই সুবিধা করতে পারেনি টাইগাররা। কুড়ি ওভারের ফরম্যাট ১-২ ব্যবধানে হারের পর একই ব্যবধানে হেরেছে ওয়ানডে সিরিজ।
প্রথম ম্যাচে ৩০৩ করেও হেরে যায় টাইগাররা এ নিয়ে বিজয় বলেন, ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি সারপ্রাইজড হয়েছি। আমাদের যে আশা ছিল জিম্বাবুয়েতে আমরা যতটুক পারফর্ম করব সে অনুযায়ী করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একই পথে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে। কিন্তু আমার মনে হয় যে এই একটা সিরিজ যে সিরিজে আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।
দুই ফরম্যাটেই সিরিজ হারে বাংলাদেশ । তবে নিজেদের সেরা ফরম্যাট ওয়ানডেতে এমন বাজে হার কিছুতেই মেনে নিতে পারছেন না দলের সদস্যরাও।
ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিকতার কথা উল্লেখ করে বিজয় বলেন, ‘আসলে ওয়ানডে ক্রিকেট তো আমরা গেল দুই বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছি ধারাবাহিকভাবে। আসলে এটা দুর্ভাগ্যবশত হয়ে গেছে। বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে অনেক ভালো। আমরা প্রতিটা খেলোয়াড়ই বিশ্বাস করি আমাদের প্রসেস ঠিক থাকলে আমরা যদি শতভাগ দিয়ে সবাই খেলি ইনশাল্লাহ যেকোনো সিরিজ যেকোনো দলের সঙ্গে জেতা সম্ভব।’