ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলে ফিরছেন সৌম্য, ঘোষণা কাল

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ২১:১৮, ১২ আগস্ট ২০২২
দলে ফিরছেন সৌম্য, ঘোষণা কাল
ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের জন্য বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশের দল ঘোষণার কথা ছিল। কিন্তু সাকিব আল হাসানের বেটউইনার নিউজ সম্পর্কিত বিতর্কে এখন পর্যন্ত দল নিয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে জানা গেল, সাকিব ফিরলে অর্থাৎ আগামী কাল ঘোষণা আসবে এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডের নাম। আর সে স্কোয়াডে ডাক পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সৌম্য সরকার ও সাব্বিরের। তবে সৌম্যের সম্ভাবনাটা একটু বেশিই।

কারণ অনুমিতভাবেই এই স্কোয়াডে জায়গা হারাচ্ছেন লিটন দাস, নুরুল হাসান সোহান আর ইয়াসির আলি রাব্বি। তবে যদি-কিন্তু কিছুটা আছে সোহান আর রাব্বির ক্ষেত্রে। লিটন কোনোভাবেই আরব আমিরাতের বিমান ধর‍তে পারবেন না। আর তাই যদি হয়, তবে তার জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

Advertisement

অন্যদিকে সোহানকে নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা। ম্যানজেমেন্টের একটি অংশ চাইছে সোহানকে দলের সঙ্গী করতে। কারণ, দল ফাইনালে উঠতে পারলে শেষ ২-৩টি ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন এই উইকেটরক্ষক। সোহান আরব আমিরাতে না গেলে সৌম্য সরকার আর সাব্বির রহমানের মধ্যে একজন ফিরতে পারেন জাতীয় দলে। সেক্ষেত্রে সৌম্যর পাল্লাটাই সব থেকে ভারি। 

তবে বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে উইন্ডিজ সফর করা সৌম্য আর সাব্বিরকে আপাতত স্ট্যান্ডবাই হিসেবেই রাখা হয়েছে।

এদিকে শঙ্কা থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিনের কপাল সুপ্রসন্ন হতে পারে। সবশেষ ফিটনেস পরীক্ষায় ৪ ওভার টানা বল করে ৮০ শতাংশ ফিটের ছাড়পত্র পেয়েছেন এই অলরাউন্ডার। এজন্য খুলনায় তাকে ম্যাচ প্র‍্যাকটিসে পাঠানো হয়েছে। 

আজ এইচপি ইউনিটের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের হয়ে মাঠে নেমেছেন সাইফউদ্দিন। ফিটনেসে উতরে যেতে এই ম্যাচটিই হবে তার এসিড টেস্ট।

জিম্বাবুয়ে সফরে চোট পাওয়া শরিফুল ইসলাম এখন পুরোপুরি সুস্থ। মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে অবশ্য কিছুটা সংশয় রয়েছে। বোর্ড সূত্র থেকে জানা গেছে, এশিয়া কাপের দলে থাকলেও এই টুর্নামেন্টে বিশ্রাম দিয়ে খেলাতে হবে তাকে। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই ঘোষণা হতে পারে এশিয়া কাপের দল। 

বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, সাকিব শেষপর্যন্ত অধিনায়ক হলে নতুন এই দলপতির চাওয়াতেই রিয়াদ স্কোয়াডে টিকে যাবেন। বেটউইনার কাণ্ডের আগে সাকিবের সঙ্গে নেতৃত্বের আলোচনায় রিয়াদ-মুশফিক দুইজনকেই নিজের টি-২০ দলে চেয়েছেন সাকিব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!