ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসি থেকে দুই টুপি পেয়ে খুশি মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫, ২২ আগস্ট ২০২২
আইসিসি থেকে দুই টুপি পেয়ে খুশি মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান

বল হাতে গত বছর সময়টা ভালোই কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। এর সুবাদে আইসিসির বছরের সেরা ওয়ানডে ও টি-২০ দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু মুস্তাই নন, বাংলাদেশ দলের আরো দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমও এই দলে ছিলেন।

বর্ষসেরা সেই ওয়ানডে ও টি-২০ একাদশে থাকার ঘোষণার ৭ মাস পর মুস্তাফুজ পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতি। আইসিসির পক্ষ থেকে বিশেষ দুটো টুপি পৌঁছে দেওয়া হয়েছে তার হাতে।

গত বছর বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সব মিলিয়ে ১৮ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। গড়ও ছিল ঈর্ষণীয়, ২০.৫৫। এরই সুবাদে বর্ষসেরা দলে ডাক পান মুস্তাফিজ। এছাড়া টি-২০তে মুস্তাফিজ ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে তুলে নিয়েছিলেন ২৮ উইকেট। যার ফলে বর্ষসেরা টি-২০ দলেও জায়গা পান তিনি।

Advertisement

গতকাল (২১ আগস্ট) শনিবার এই দুই টুপি হাতে পান মুস্তাফিজ। এরপরই তিনি আনন্দ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান। টুপি পরা এক ছবি প্রকাশ করে এই পেসার লিখেন, ‘আলহামদুলিল্লাহ। সবচেয়ে দামী জিনিসটা অবশেষে চলে এসেছে।’ 

এ সময় ওয়ানডে বর্ষসেরার নীলরঙা বিশেষ টুপিটা মাথায় পরেছিলেন মুস্তাফিজ। যেখানে আইসিসির লোগো ছাড়াও লেখা ছিল ‘আইসিসি ওয়ানডে ইন্টারন্যাশনাল টিম অফ দ্য ইয়ার’।

আর হাতে ছিল কমলারঙা টুপিটা, সেখানে আইসিসির লোগোসহ লেখা ছিল ‘আইসিসি টি-২০ ইন্টারন্যাশনাল টিম অফ দ্য ইয়ার।’ এর আগে গেল মাসে মুশফিকুর রহিম পেয়েছিলেন বর্ষসেরা ওয়ানডে দলের টুপি।

বর্ষসেরা ওয়ানডে আর টি-২০ দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল বাবর আজমের হাতে। ওয়ানডে একাদশে ছিল বাংলাদেশের আধিপত্য। সবচেয়ে বেশি তিন জন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছিলেন এই তালিকায়।

এছাড়াও পাকিস্তান, শ্রীলংকা, দ. আফ্রিকা, আয়ারল্যান্ড থেকে এই দলে আছেন একাধিক ক্রিকেটার। টি-২০ একাদশে একমাত্র বাংলাদেশি ছিলেন কেবল মুস্তাফিজই।

২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল: 
পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডাসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।

২০২১ সালের বর্ষসেরা টি-২০ দল: 
জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হেইজেলউড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মুস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!