ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আত্মগোপনে ক্রিকেটার আল আমিন, অভিযান চালিয়েও মিলছে না খোঁজ

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৬:৫১, ৪ সেপ্টেম্বর ২০২২
আত্মগোপনে ক্রিকেটার আল আমিন, অভিযান চালিয়েও মিলছে না খোঁজ
ছবি: সংগৃহীত

যৌতুক ও শারীরিক নির্যাতনের কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রীর করা মামলার হাত থেকে রক্ষা পেতে আল আমিন বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। 

তাকে গ্রেফতার করতে এরই মধ্যে পুলিশ মাঠে নেমেছে। তিনদিন ধরে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেও আল আমিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

Advertisement

রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিকেটার আল আমিনকে গ্রেফতারের বিষয়ে কোনো সঠিক তথ্য জানাতে পারেনি পুলিশ।

মিরপুর মডেল থানা সূত্র বলছে, ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় মামলা দায়ের করার পরপরই তাকে গ্রেফতার করার জন্য মাঠে নামে পুলিশের একটি দল। আল আমিনকে গ্রেফতার করতে প্রথমে শুক্রবার রাতে তার ঢাকার বাসায় অভিযান চালায় পুলিশ। কিন্তু গ্রেফতার এড়াতে বাসা থেকে আগেই পালিয়ে যান আল আমিন।

সুত্র আরো জানায়, বাসায় না পেয়ে পুলিশ আল আমিনকে গ্রেফতারের জন্য শুক্রবার থেকে রোববার দুপুর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। কিন্তু সেসব অভিযানেও খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। মামলা হওয়ার পর থেকে তিনদিন ধরে অভিযান পরিচালনা করেও ক্রিকেটার আল আমিনের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। তিনি সম্ভাব্য কোন কোন স্থানে পলাতক থাকতে পারেন তার তথ্যও নির্দিষ্ট করে জানা যায়নি।

মামলার পর থেকেই আল আমিন তার মোবাইল ফোন বন্ধ রেখেছেন। তাই তাকে সেভাবে পাওয়া যাচ্ছে না। এছাড়া ফোন বন্ধ থাকলেও উচ্চ প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। 

এ বিষয়ে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রীর করা মামলায় তাকে গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চোলাচ্ছি। আশা করা যায়, তাকে দ্রুত গ্রেফতার করতে পারব।

গত বৃহস্পতিবার নির্যাতন ও মারধরের অভিযোগ এনে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান একটি লিখিত অভিযোগ করেন। পরে তদন্ত ও যাচাই-বাছাই শেষে মিরপুর মডেল থানা পুলিশ ইসরাত জাহানের অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!