ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভিনিয়াসের নাম ৮ নম্বরে দেখে ক্ষুব্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২২, ১৯ অক্টোবর ২০২২
ভিনিয়াসের নাম ৮ নম্বরে দেখে ক্ষুব্ধ নেইমার
নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র- ফাইল ফটো

গত মৌসুমে ইউরোপ মাতানো ফুটবলারদের একজন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের দুটি শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভিনিসিয়াস। যার দরুণ ব্যালন ডি’অর প্রত্যাশীদের তালিকায় তার নামটাও ছিল।

অনেকে ভেবেছিলেন চূড়ান্তভাবে মনোনীত না হোক, অন্তত সেরা পাঁচে থাকবেন ব্রাজিলিয়ান তারকা। তবে এর কোনোটাই জোটেনি ভিনিসিয়াসের ভাগ্যে। বর্ষসেরার লড়াইয়ে ৮ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এ নিয়ে বেশ হতাশ তার জাতীয় দলের সতীর্থ নেইমার। 

পরশু রাতে ফ্রান্সের তিয়াটর দু শাতলেতে ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভোটাভুটিতে অষ্টম স্থান পান গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ী এই তারকা। ভিনিসিয়াসকে শীর্ষ তিনে দেখার আশায় বসে ছিলেন নেইমার, না দেখে ক্ষুব্ধ তিনি।

ব্যালন ডি’অরজয়ী রিয়াল তারকা করিম বেনজেমাকে অভিনন্দন জানালেও ভিনিসিযাসের অবস্থানে সন্তুষ্ট হতে পারেননি নেইমার। এক টুইট বার্তায় নেইমার লিখেন, ‘বেনজেমা যোগ্য হিসেবেই জিতেছে। কিন্তু ভিনির অষ্টম হওয়া বেমানান...অন্তত শীর্ষ তিনে থাকার কথা।’

গত মৌসুমে রিয়ালের আক্রমণভাগে দুর্দান্ত জুটি ছিলেন বেনজেমা-ভিনিসিয়াস। চ্যাম্পিয়নস লিগে ফাইনালে ম্যাচজয়ী গোলসহ পুরো আসরে ৪ গোল করার পাশাপাশি ৭টি গোলও বানিয়ে দিয়েছেন। লা লিগায় ৩৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ১৩টি গোলে।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!