বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পায়নি ভারতীয় দল। তা নিয়ে অবশ্য চিন্তিত নন রোহিত, দ্রাবিড়রা। শুক্রবারের অনুশীলনে মূলত ব্যাটারদের দুর্বলতার জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হয়।
ভারতীয় দলের অনুশীলনের ছবি, ভিডিও ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর পার্থ, ব্রিসবেন এবং মেলবোর্নে প্রস্তুতি নিয়েছে ভারত। উইকেট এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার জন্যই আগেই অস্ট্রেলিয়ায় চলে এসেছিলেন রোহিতরা।
.png)
এই প্রস্তুতির ফাঁকে ফাঁকে আলোচনা চলছে পাকিস্তান ম্যাচের রণকৌশল নিয়েও। শুক্রবার সেই ধারাবাহিকতায় নেটে ব্যাট করার সময়ই এক সমর্থকের মন্তব্যে বিরক্ত হন কোহলি। একটি বলে তিনি ছয় মারার চেষ্টা করলে নেটের পিছন দিকে দাঁড়িয়ে থাকা জনৈক সমর্থক চেঁচিয়ে বলেন, ‘আউট অব দ্য স্টেডিয়াম।’ অর্থাৎ, বল স্টেডিয়ামের বাইরে।
সেই সমর্থকের এই আচরণে বিরক্তি প্রকাশ করেন কোহলি। পিছনে ঘুরে তিনি বলেন, ‘অনুশীলনের সময় এভাবে কথা বলবেন না। এতে অসুবিধা হয়।’ কোহলির অনুরোধে কাজ হয়নি। তিনি আবার অনুশীলন শুরু করলে সেই সমর্থককে বলতে শোনা যায়, ‘কোহলি যখন বিশ্রাম করবে, তখন আবার বলব। আমরা রাজার জন্য চিৎকার করছি। কোহলিই রাজা।’
ভারতীয় দলের সাবেক অধিনায়ক অবশ্য আর সেদিকে মন দেননি।
চলতি বছরে ২০ ওভারের ক্রিকেটে এই নিয়ে তৃতীয় বার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এশিয়া কাপে দু’দলই জিতেছে একটি করে ম্যাচ। গত বছর টি-২০ বিশ্বকাপে জয় পেয়েছিলেন বাবর আজমরা।