ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তুরস্কে হচ্ছে এবারের আইপিএল নিলাম!

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৯:২৮, ২৬ অক্টোবর ২০২২
তুরস্কে হচ্ছে এবারের আইপিএল নিলাম!
ছবি: সংগৃহীত

ক্রিকেটের ফ্রাঞ্চাইজি ভিত্তিক সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। আসন্ন সে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। 

সম্প্রতি বিসিসিআইয়ের বরাতে এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এবারের নিলাম হবে ছোট পরিসরে। প্রাথমিকভাবে বিসিসিআই ইস্তাম্বুল ও বেঙ্গালুরুকে আইপিএল নিলামের সম্ভাব্য কেন্দ্র হিসেবে বেছে রাখলেও বোর্ড কর্তাদের প্রথম পছন্দ তুরস্কের শহরটি। 

Advertisement

কয়েক দিন ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে এ বিষয়ে বোর্ড আলোচনা চালাচ্ছে বলেও ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়।

ভারতীয় ক্রিকেট বোর্ড আগেও আইপিএলের নিলাম দেশটির বাইরে আয়োজনের চেষ্টা করেছিল। একবার লন্ডনে নিলাম আয়োজন প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে খরচের কথা ভেবে শেষ মুহূর্তে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বেঁকে বসায় বিসিসিআইয়ের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। 

তবে আইপিএলের মিডিয়া রাইটস রেকর্ড অঙ্কে বিক্রি হওয়ার পর এবার বিদেশে নিলাম আয়োজন অসম্ভব নয় বলে জানাচ্ছে কতৃপক্ষ। নভেম্বরের শুরুর দিকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

এদিকে প্লেয়ার্স ড্রাফটে বাড়ছে দলগুলোর বাজেটও। নিলামে প্রতিটি দলের বাজেট হবে ৯৫ কোটি ভারতীয় রুপি। গত বছরের চেয়ে ৫ কোটি বেশি খরচ করতে পারবে দলগুলো।

আগামী বছর থেকে পুরোনো ফরম্যাটে ফিরছে আইপিএল। ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে খেলা হবে পরবর্তী আইপিএল। আগামী মৌসুম থেকে ১০টি দল নিজেদের ও প্রতিপক্ষের নির্দিষ্ট ভেন্যুতেই গ্রুপপর্বের ম্যাচগুলো খেলবে।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!