ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২

করোনা আক্রান্ত ওয়েড, বিকল্প না থাকায় উদ্বেগে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৪:৫০, ২৭ অক্টোবর ২০২২
করোনা আক্রান্ত ওয়েড, বিকল্প না থাকায় উদ্বেগে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটকিপার ম্যাথু ওয়েড করোনা ভাইরাসে আক্রান্ত। এ নিয়ে চিন্তার শেষ নেই অজি শিবিরে। কারণ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যে তাদের কোনো ব্যাকআপ উইকেটকিপার নেই।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সুপার টুয়েলভের গুরুত্বপূর্ন বড় ম্যাচ। ঠিক তার আগে আগে বিরাট ধাক্কা খেলো তারা। 

১৫ সদস্যের দলে একমাত্র উইকটেকিপার ওয়েড, তিনি নাকি আক্রান্ত হলেন করোনায়। অ্যাডাম জাম্পার পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে এই বিশ্বকাপে কোভিড পজিটিভ হলেন তিনি।

Advertisement

তবে করোনা নিয়েও খেলতে বারণ নেই, আইসিসি এই শিথিলতা আনায় শুক্রবার সম্ভবত খেলানো হবে ওয়েডকে। তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এর আগে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে করোনা পজিটিভ হলে জাম্পাকে খেলায়নি অস্ট্রেলিয়া। তবে গত দুই দিন পরীক্ষা করে নেগেটিভ আসায় তাকে খেলানো হতে পারে ইংলিশদের বিপক্ষে।

টুর্নামেন্টের শুরুতে ওয়েডের বিকল্প একমাত্র উইকেটকিপার ব্যাটসম্যান জশ ইংলিস ছিটকে গেলে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নেয় অস্ট্রেলিয়া। 

এ নিয়ে অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, ‘ওয়েড কোনো কারণে খেলতে না পারলে ডেভিড ওয়ার্নারকে দেওয়া হতে পারে কিপিংয়ের দায়িত্ব।’ তবে বৃহস্পতিবার বিকল্প হিসেবে গ্লেন ম্যাক্সওয়েলকে উইকেটকিপিং গ্লাভস হাতে অনুশীলন করতে দেখা গেছে।

শুক্রবার যদি ওয়েড মাঠে নামেন তাহলে তাকে বিশ্বকাপের বিশেষ করোনা বিধি মেনে চলতে হবে। এজন্য সবার সঙ্গে টিম হোটেল থেকে একই বাসে করে মাঠে যেতে পারবেন না তিনি। এছাড়া ম্যাচের সময় ড্রেসিংরুমও ব্যবহার করতে পারনবেন না ওয়েড।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!