শুক্রবার কমলাপুস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করে নেপালের মেয়েরা। আর তাতেই তাতে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়ে যায় তারা।
সমীকরণ ছিল আজকের ম্যাচে নেপালকে হারাতে পারলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন। কিন্তু হারাতে পারেনি নেপালের মেয়েদের। আর তাই ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ হয় রানার্স-আপ।
.png)
খেলার শুরুতেই ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এ সময় নেপালের সুশিলা গোল করে এগিয়ে নেন দলকে। তবে ৫৪ মিনিটে বাংলাদেশের জয়নব বিবি রিতা গোল করে সমতা ফেরান।
কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশের মেয়েদের সামনে মোক্ষম সুযোগটি আসে। পেনাল্টি পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু জয়নব বিবির নেওয়া পেনাল্টি শট রুখে দেন নেপালের গোলরক্ষক। তাতে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের মেয়েরা। আর উল্লাসে মেতে ওঠে নেপালের মেয়েরা।
আজ জয় পেলেই সাবিনা-কৃষ্ণাদের পর একই বছর দুটি সাফের শিরোপা ঘরে তুলতে পারতো বাংলার বাঘিনীরা।
টুর্নামেন্টে রানার্স-আপ হওয়ার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় মহিলা ফুটবল দল।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন নেপালের সুজাতা তামাং। আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি। প্রীতি সর্বোচ্চ ৯ গোল করেন। পাশাপাশি মোস্ট ভেলুয়েবল প্লেয়ারও হয়েছেন তিনি।
উল্লেখ্য, তিন দেশের অংশগ্রহণে ১ নভেম্বর শুরু হয়েছিল এই ‘সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২।’