কাতার বিশ্বকাপের আগে দলগুলোর দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। একের পর এক ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন দলের সেরা সব তারকারা। এবার দুঃসংবাদ পেল বেলজিয়াম। প্রথম দুই ম্যাচে তারা দলের সেরা তারকা রোমেলু লুকাকুকে পাচ্ছে না।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না লুকাকু। কাতারে পৌঁছানোর পর বেলজিয়ামের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি লুকাকু। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে যে পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
.png)
পুরো ফিট না থাকার পরও লুকাকুকে দলে রেখেছেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজ। আন্তর্জাতিক ম্যাচে বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে গোলের মালিককে ছাড়া বিশ্বকাপ কল্পনা করতে পারেনি বেলজিয়াম কোচ। বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে বেশি ৬৮ গোলের মালিক তিনিই।
বেলজিয়াম তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী বুধবার, কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৭ নভেম্বর তারা খেলবে মরক্কোর বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচটি ১ ডিসেম্বর খেলবে বেলজিয়াম, প্রতিপক্ষে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।
উল্লেখ্য, এর আগে চোটের কারণে ছিটকে গেছেন আর্জেন্টিনার লো সেলসো, ফ্রান্সের এনগোলো কান্তেরা। সেনেগাল দল কাতারে পৌঁছানোর পর জানতে পারল, তাদের সেরা তারকা সাদিও মানে খেলতে পারবেন না। এরপর ফ্রান্সও পেল হতাশার খবর—বিশ্বকাপ শেষ করিম বেনজেমার।