ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

সাদা থেকে হলুদ, যে ম্যাচ হেরে জার্সির রং বদলে গিয়েছিল ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:১৫, ৩০ নভেম্বর ২০২২
সাদা থেকে হলুদ, যে ম্যাচ হেরে জার্সির রং বদলে গিয়েছিল ব্রাজিলের
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে হলুদ রং মানেই ব্রাজিল। পেলে থেকে রোনালদো রোনালদিনহো এবং এখনকার নেইমার বা রিচার্লিসন - বছরের পর বছর হলুদ জার্সি গায়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন তারা। তাদের হলুদ জার্সি নিয়ে বিশ্বজোড়া আবেগ।

কিন্তু শুনলে অবাক হতে হবে যে, একটা সময় পর্যন্ত ব্রাজিল ফুটবল খেলতো সাদা জার্সি পরে। ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। তার ঠিক কয়েক বছর আগে জার্সির রং সাদা থেকে বদলে হলুদ করা হয়েছিল।

এই পরিবর্তনের নেপথ্যে তেমন কোনও গুরুতর কারণ অবশ্য ছিল না। সাদা জার্সি অনুজ্জ্বল হওয়ায় রং পরিবর্তনের কথা ভাবা হয়েছিল। আর তখন থেকেই ব্রাজিলের রং হয়ে যায় হলুদ।

ব্রাজিলের জার্সির রং পাল্টানোর পেছনে আরেকটি কারণও আছে। তা হলো, ১৯৫০ সালের ফুটবল বিশ্বকাপে হার। সেবার ফাইনালে উরুগুয়ের কাছে ১-২ গোলে হেরে গিয়েছিল তারা। সেই হারের ধাক্কা সামলাতে দেশের ফুটবলে পরিবর্তন আনার কথা ভেবেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তারই অংশ হিসাবে জার্সির রং পরিবর্তনের কথাও ভাবা হয়েছিল।

Advertisement

তখন জার্সির নতুন রং এবং নকশা তৈরির জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছিল ব্রাজিলের সংবাদপত্র ‘কোরিয়ো দ্য মানহা’। বলে দেওয়া হয়েছিল, ব্রাজিলের জাতীয় পতাকায় ব্যবহৃত হলুদ, সবুজ, নীল এবং সাদা ছাড়া অন্য কোনও রং ব্যবহার করা যাবে না জাতীয় দলের জার্সিতে।

প্রতিযোগিতার শেষে বেছে নেওয়া হয়েছিল ক্যানারি হলুদ রঙের একটি জার্সি। সেই জার্সি পরেই ১৯৫৮ সালে বিশ্বকাপ জেতে ব্রাজিল। তারপর থেকে এই জার্সি হয়ে যায় ব্রাজিলের ভাগ্যের প্রতীক।

ব্রাজিলীয়রা মনে করেন, ক্যানারি হলুদ রঙের জার্সি বদলে দিয়েছে ফুটবল দলের ভাগ্য। এই জার্সি গায়েই এখনও পর্যন্ত সব থেকে বেশি পাঁচ বার বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল। 

জার্সি নিয়ে প্রতিযোগিতা হলেও শর্টস নিয়ে কোনো প্রতিযোগিতা হয়নি। ফলে আগের মতো এখনও নীল শর্টস পরে খেলেন ব্রাজিলের ফুটবলাররা। শর্টসের রং নিয়ে প্রতিযোগিতা হয়নি। তাই পরিবর্তনও হয়নি রঙের।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!