ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

ব্রাজিল শিবিরে ফের আতঙ্ক, কী হবে পরের ম্যাচে

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২০:১০, ১ ডিসেম্বর ২০২২
ব্রাজিল শিবিরে ফের আতঙ্ক, কী হবে পরের ম্যাচে
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার মাঠে নামছে ব্রাজিল। এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করায় এ ম্যাচটি তাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও প্রতিপক্ষ ক্যামেরুন শেষ ষোলো নিশ্চিতে শেষ চেষ্টা করবে। এতকিছুর মাঝেও ব্রাজিল শিবিরে আতঙ্ক যেন কাটছেই না। একের পর এক চোটে জর্জরিত ব্রাজিলের এই ম্যাচে তিন বড় তারকা খেলছেন না। নেইমার এ ম্যাচেও খেলতে পারবেন না। 

‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে এবার ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামার আগে কোভিড আতঙ্কে পড়ছে ব্রাজিল। সেলেসাওদের একাধিক ফুটবলার জ্বরে আক্রান্ত হওয়ায় হোটেলের বাইরে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে দোহার আর আরবি স্পোর্টস ক্লাবে ব্রাজিলের অনুশীলনে গণমাধ্যমের প্রবেশের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

এছাড়া ক্রমেই অসুস্থতার তালিকা দীর্ঘ হচ্ছে। জ্বরে আক্রান্ত হয়েছেন আলেক্স সান্দ্রো, অ্যান্টনি, অ্যালিসন বেকার, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাসহ বেশ কয়েকজন ফুটবলার।

Advertisement

কারও হালকা জ্বর এবং গায়ে ব্যথা রয়েছে। আবার কেউ কেউ বমিও করছেন। করোনার সব উপসর্গ থাকায় উদ্বেগ ছড়িয়েছে ব্রাজিল শিবিরে। 

কাতারে বিশ্বকাপ চলাকালে করোনার ন্যূনতম বিধিনিষেধ রাখা হয়নি। বাধ্যবাধকতা নেই মাস্ক ব্যবহারে। এমনকি ফুটবলারদের বাধ্যতামূলক কোভিড পরীক্ষার নিয়মও তুলে নিয়েছে ফিফা।

অসুস্থতার কথা স্বীকার করে ব্রাজিলের তরুণ ফুটবলার অ্যান্টনি বলেন, ‘শুরুর দিকে অস্বস্তি হতো। একা আমার নয়, দলের অনেকেরই কাশি হয়েছে। স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এই সমস্যা বলে আমার ধারণা।’

চিন্তিত ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘কাতারে কেউ মাস্ক পরছেন না। কোভিড সংক্রমণ বোধ করতে ন্যূনতম ব্যবস্থাও নেই। এই মুহূর্তে করোনাভাইরাসের দাপট অনেকটা কম ঠিকই, আবার যে বাড়বে না, তার নিশ্চয়তা কি আছে?’ 

ডেইলি-বাংলাদেশ/সালি/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!