ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১১২ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৬, ১ ডিসেম্বর ২০২২
১১২ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিনেই বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। চারজন ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম দিন ৭৫ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৫০৬ রান তুলেছে ইংলিশরা।

টেস্ট ইতিহাসে কোনো ম্যাচের প্রথম দিন সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড এটি। যার মাধ্যমে ১১২ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভাঙল ইংলিশরা।

আগের বিশ্ব রেকর্ড হয়েছিল ১৯১০ সালে। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৪৯৪ রান করেছিলো অস্ট্রেলিয়া। মাঝে ১৯৩৪ সালে ওভাল টেস্টে ইংল্যান্ড ৪৭৫ রান তুলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া ২০১২ সালে অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৮২ রান তুলেছিল অস্ট্রেলিয়া।

Advertisement

ইতিহাস গড়া এই রেকর্ড গড়ার পথে আরেকটি কীর্তি গড়েছে ইংলিশ ব্যাটাররা। টেস্টের প্রথম দিনেই দলটির চার ব্যাটসম্যান শতক হাঁকিয়েছে। ক্রিকেটের ইতিহাসে এর আগে ২ হাজার ৪৭৭ টেস্টে এমন কীর্তি আর দেখা যায়নি। ইংলিশদের পক্ষে এদিন প্রথম তিন ব্যাটারই পেয়েছেন শতকের দেখা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে খেলেছে ইংল্যান্ডের ব্যাটাররা। ওপেনার জ্যাক ক্রলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮ ও হ্যারি ব্রুক অপরাজিত ১০১ রান করেছেন। সেঞ্চুরিয়ানদের মধ্যে ক্রলি-পোপ ও ব্রুকের ব্যাটিং স্ট্রাইক রেট ১শর উপরে ছিল। ওভার প্রতি দলের রান ৬ দশমিক ৭৪।

দিন শেষে ১৫ বলে ৩৪ রান তুলে অপরাজিত আছেন অধিনায়ক বেন স্টোকস। তার স্ট্রাইক রেট ২২৬। পাকিস্তানের চার বোলারের ইকোনমি রেটই ৬ এর উপর। একজনের ৫ দশমিক ৬৪। আরেকজনের ১৫। ২৩ ওভার বল করে ১৬০ রানে সবচেয়ে বেশি ২টি উইকেট নিয়েছেন লেগ-স্পিনার জাহিদ মাহমুদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!