ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘরের মাঠের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী: লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৩, ৩ ডিসেম্বর ২০২২
ঘরের মাঠের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী: লিটন
লিটন দাস

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে কাল মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে ঘরের মাঠের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী বলেই জানিয়েছেন টাইগারদের নতুন অধিনায়ক লিটন দাস।

ভারত সব সময় ভালো দল। আমরা ওয়ানডে খেলেছি ৭ মাস আগে...অনেক দিন পেরিয়ে গেছে। ভারত অবশ্যই এগিয়ে থাকবে। ওরা মাত্র নিউজিল্যান্ডে খেলে এসেছে। এটাও মানতে হবে, ঘরের মাঠে আমরাও অনেক ভালো দল। এই সংস্করণ এমন, ঘরে খেললে অনেক ভালো খেলি। এমনটাই বলেছেন, বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক ব্যাটার লিটন।

তিনি আরো বলেন, আমরা সিরিজটা নিয়ে অনেক রোমাঞ্চিত। ভারত ভালো দল। তাদের খ্যাতি এবং সামর্থ্য সবই আছে। আমরা ইদানীং তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। তারাও আর আমাদের আন্ডারডগ ভাবে না। এটাই বড় ব্যাপার।

Advertisement

ঘরের মাঠে দর্শক সমর্থনের বিষয়টি ভারতকে হারানোয় কাজে লাগাতে চান লিটন, ‘খেলা ঘরের মাঠের কন্ডিশন, দর্শক সব সময় আমাদের পক্ষে থাকবে।’

কুঁচকির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তামিমের জায়গায় দলের অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন ৫৭টি ওয়ানডে খেলা লিটন।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস করতে নামলেই ১৫তম অধিনায়ক হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলবেন এ ব্যাটার।

টি-২০ ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে লিটনের।২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের সফরে দ্বিতীয় টি-২০তে ইনজুরিতে পড়েন তৎকালীন অধিনায়ক মাহমুদদউল্লাহ রিয়াদ। তার ইনজুরিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন।

লিটনের অধীনে ঐ ম্যাচটি ৬৫ রানে হেরেছিলো বাংলাদেশ। ব্যাট হাতে ১ বল খেলে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন লিটন। সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছিলো টাইগাররা।

লিটনের আগে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন গাজী আশরাফ (৭টি), মিনহাজুল আবেদিন (২টি), আকরাম খান (১৫টি), আমিনুল ইসলাম (১৬টি), নাইমুর রহমান (৪টি), খালেদ মাসুদ (৩০টি), খালেদ মাহমুদ (১৫টি), হাবিবুল বাশার (৬৯টি), রাজিন সালেহ (২টি), মোহাম্মদ আশরাফুল (৩৮টি), সাকিব আল হাসান (৫০টি), মাশরাফূ বিন মোর্ত্তজা (৮৮টি), মুশফিকুর রহিম (৩৭টি) ও তামিম ইকবাল (২৭টি)।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!