গত শুক্রবার ঘানাকে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে উরুগুয়ে। সেই ম্যাচের পর মাঠেই ছড়িয়ে পড়েছিল ব্যাপক উত্তেজনা। খেলা শেষে রেফারিকে ঘিরে ধরেন উরুগুয়ের ফুটবলাররা। রেফারির কিছু সিদ্ধান্তে তীব্র আপত্তি জানান তারা। এই সময় খুবই জঘণ্য কাজ করে বসেন জিমেনেজ।
ম্যাচের পরেই সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে ফিফার কম্পিটিশন ডিরেক্টরকে কনুই দিয়ে আঘাত করেছেন জিমেনেজ। মাথার পেছনে আঘাত করেন তিনি। এখানেই থামেননি। চেঁচিয়ে রেফারিদের প্রকাশ্যে ‘চোর’ বলে সম্বোধনও করেন। এটাও বলে দেন, তার কথা রেকর্ড করে রাখতে।
.png)
তার এমন কাণ্ড খুবই কড়া নজরে দেখছে ফিফা। শাস্তিও তাই খুব করা হতে পারে বলে ধারণা করা হছে। এমন অসদাচরণের কারণে ১৫ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। ফলে প্রায় এক বছর দেশের হয়ে আর মাঠে নামা হবে না তার। কনুই দিয়ে আঘাত করাকে গুরুতর অপরাধ হিসাবেই বিবেচনা করে ফিফা।
উরুগুয়ে-ঘানা ম্যাচে রেফারি ছিলেন জার্মানির ড্যানিয়েল সিবার্ট। শেষ কয়েক মিনিট বার বার তার ওপর চাপ দিচ্ছিলেন উরুগুয়ের ফুটবলাররা। কিন্তু তাতে কোনো ফল আসেনি। ম্যাচ শেষের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে সিবার্টকে ঘিরে ধরেন কাভানিরা। মাঠ ছেড়ে তখন টানেলের দিকে এগোচ্ছিলেন সিবার্ট।
ঘানাকে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে উরুগুয়ে। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে দেওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় সুয়ারেজদের।