ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে এক উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। সব ছাপিয়ে মিরাজ-মোস্তাফিজের শেষ উইকেট জুটিই এখন আলোচনায়। দেশের হয়ে নবম উইকেট জুটিতে ম্যাচজয়ী সর্বোচ্চ ৫১ রান যোগ করেন তারা।
এ জয়ের পথে মিরাজ ৪ চার ও ২ ছক্কায় ৩৯ বলে করেন ৩৮ রান। দুই চারে ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকেন মোস্তাফিজ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তাদের এই জুটি নিয়ে কথা বলেছেন মিরাজ। এই অলরাউন্ডার জানিয়েছেন, মোস্তাফিজের আত্মবিশ্বাস তার বিশ্বাসকে বড় করেছিল।
.png)
মিরাজ বলেন, মোস্তাফিজ খুব ভালো সাপোর্ট দিয়েছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ও খুব আত্মবিশ্বাসী ছিল। একটা কথা আমাকে বারবার বলছিল, আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি ঠেকিয়ে দিচ্ছি।
আমি আউট হবো না, গায়ে বল লাগলেও সমস্যা নাই। কিন্তু আউট হবো না। ওর এই বিশ্বাস দেখে আমার খুব ভালো লেগেছে। আমারও বিশ্বাস বেড়েছে ওর আত্মবিশ্বাস দেখে। - মিরাজ যোগ করেন।