খেলার আগে রয়েছে বাকি পাঁচ দিন। এই সময়টা কাজে লাগাচ্ছেন আর্জেন্টিনার কোচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিখুঁত পরিকল্পনা করে দল নামাতে চান তিনি। হার মানেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ। তাই ঘর আগলে আক্রমণে যাওয়ার কথা ভাবছেন স্কালোনি।
১৯৭৮ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেই থেকেই বিশ্ব ফুটবলের কমলা ব্রিগেডের সঙ্গে অলিখিত এক প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক আর্জেন্টিনার। দিন শেষে এর প্রতিশোধ নিতেই মাঠে নামবে ডাচরা।
.png)
অস্ট্রেলিয়াকে হারানোর পর মেসি বলেছিলেন, ‘এবার আমাদের সত্যিই কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে। নেদারল্যান্ডসের ফুটবলাররা দুর্দান্ত। আরও ভালো ওদের কোচ। কঠিন লড়াই হবে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কঠিন তো হবেই। তবে প্রথম থেকেই কঠিন প্রতিপক্ষদের সামলালে এই পর্যায় এসে বাড়তি কিছু মনে হয় না।’
নেদারল্যান্ডসকে কোনো ভাবেই হালকা ভাবে নিচ্ছেন না স্কালোনিও। তিনি বলেন, ‘মনে হয় দারুণ সুন্দর একটা ম্যাচ হবে। দু’টো ঐতিহাসিক দল মুখোমুখি হবে। দুঃখের হলো, একটা দলকে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। আশা করছি আমরাই পরের রাউন্ডে যাবো।’
দল ছাড়িয়ে ডাচদের মূল ট্রাম্পকার্ড হচ্ছেন দলের কোচ ৭১ বছরের লুই ভ্যান গল। স্কালোনি নেদারল্যান্ডসকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তাদের কোচের জন্যই। ফুটবলার জীবন থেকেই তাকে শ্রদ্ধা করেন মেসিদের কোচ। মেনে নিচ্ছেন, কঠিন লড়াই অপেক্ষা করছে তার ফুটবলারদের জন্য।
স্কালোনি বলেছেন, ‘ভ্যান গলের মতো কোচের মুখোমুখি হওয়াটাই গর্বের। কী দুর্দান্ত অতীত রয়েছে তার! সকলেই জানি ফুটবলে ওর অবদানের কথা। বহু মানুষ তাকে অনুকরণ করার চেষ্টা করেন। ফুটবল এমনই মুহূর্ত, আনন্দ উপহার দেয়। আরও ভালো লাগছে বিশ্বকাপের মঞ্চ বলে।’