বিড়ালের অভিশাপেই ব্রাজিলের বিদায়!
কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট হয়ে পা রেখেছিল ব্রাজিল। শেষ ষোলো পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালেই এসে বাধে বিপত্তি। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। এমন বাদ পড়াটা অনেকেই মেনে নিতে পারছেন না।
কি কারণে বাদ পড়লো ব্রাজিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবার সামনে চলে আসছে একটি বিড়াল। নেইমারদের ছিটকে পড়ার কয়েকটি কারণের মধ্যে কোচ তিতের ভুল কৌশলের পাশাপাশি এই বিড়ালটির অভিশাপকেও দায়ী করছেন অনেকে।
টুইটারসহ বিভিন্ন গণমাধ্যমে অনেকেই খোঁচা দিয়ে বলছে বিড়ালের অভিশাপ লেগেছে ব্রাজিল দলের উপর। তাই তারা হেরেছে। অবিশ্বাস্য হলেও এই কথাটাকে সত্যি মানছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। তারা বলছে, ব্রাজিলের পরাজয়ের কারণ এই বিড়ালের অভিশাপ।
.png)
বিড়াল কাহিনী সামনে আসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে। দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন ব্রাজিলের তরুণ ভিনিসিয়ুস জুনিয়র। সে সময় হঠাৎই সবাইকে চমকে দিয়ে টেবিলে উঠে পড়ে একটি বিড়াল।
প্রথমে চমকে গেলেও পরে হাসিতে ফেটে পড়লে ভিনিসিয়ুসসহ উপস্থিত সাংবাদিকরা। এই পর্যন্ত সব ঠিক ছিল। ব্রাজিল তারকা নিজেও বেশ মজা পাচ্ছিলেন। কিন্তু ব্রাজিলের মিডিয়া ম্যানেজার হঠাৎই সেই বিড়ালটিকে ঘাড় ধরে মাটিতে ছুঁড়ে ফেলে দেন।
আর এখানেই বাধে বিপত্তি। কাতারের রাজধানী দোহায় প্রায় সব দেশের প্র্যাকটিসেই গ্যালারিতে বিড়াল ঘুরতে দেখা যায়। আবার দেশটিতে বিড়ালকে সৌভাগ্যের প্রতীকও ভাবা হয়। বিড়ালকে কষ্ট দিলে তার অভিশাপ লাগে বলেও মনে করা হয়।
ব্রাজিলের হারের কারণ হিসেবে তাই অনেকে বিড়ালের অভিশাপকেই দায়ী করছেন। ব্রাজিলের মিডিয়া ম্যানেজারের ব্যাপারটা টেনে কেউ কেউ টুইটারে লিখছেন, ‘বিড়ালের সাথে কখনো খারাপ আচরণ করো না।’ তবে ব্রাজিলের হারের জন্য বিড়ালের অভিশাপই দায়ী?