পর্তুগালের হয়ে এখনো পর্যন্ত ১৯৬টি ম্যাচ খেলেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার সমান ম্যাচ খেলেছেন কেবল একজনই। তিনি কুয়েতের গোলরক্ষক বাদের আল-মুতাওয়া। ১৮ বছরের ক্যারিয়ারে কুয়েতের জার্সি গায়ে ১৯৬টি ম্যাচ খেলেছেন তিনি।
আল-মুতাওয়ার চার মাস আগে অবশ্য আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনালদোর। ২০০৩ সালে কাজাখস্তানের বিপক্ষে প্রথমবারের মতো পর্তুগালের জার্সি গায়ে জড়ান তিনি। এর পরের গল্পটা প্রায় সবার জানা। ১৯৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১১৮ টি গোল করেছেন এই ফরোয়ার্ড। যা যে কোনো ফুটবলারের পক্ষে সর্বোচ্চ। পর্তুগাল তো বটেই নিজেকে পরিণত করেছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। গড়েছেন একের পর এক রেকর্ড, জিতেছেন ২০১৬ ইউরোর শিরোপার।
.png)
এবারের বিশ্বকাপ জয়ের মিশনে অবশ্য মরক্কোর বিপক্ষে সেরা একাদশে ছিলেন না পর্তুগালের এই তারকা। ৫১ মিনিটে দলকে বিপদ থেকে উদ্ধার করতে তাকে মাঠে নামান কোচ ফার্নান্দো সান্তোস। যদিও শেষ রক্ষা আর হয়নি। নিজের রেকর্ড গড়ার ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় ঘণ্টা বাজে পর্তুগালের। আর আফ্রিকান নেশনসের কোনো দেশ হিসেবে প্রথমবার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ে হাকিমি-নেসাইরির মরক্কো।