কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গতির পাঁচ গোল
ফুটবল বিশ্বে এমন কিছু খেলোয়াড় আছে যারা জোরালো শটে গোল করার জন্য বেশ সুপরিচিত। তাদের পায়ের বুলেট শটে মুহুর্মুহু শব্দের ন্যায় কেঁপে ওঠে আট ফুট উচ্চতা ও আট গজ প্রস্থের আয়তাকার গোলপোস্ট। কাতারেও এর ব্যতিক্রম হয়নি। এখন পর্যন্ত দ্রুততম গতির বেশ কয়েকটি শটে গোলপোস্ট কাঁপিয়ে দিয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। এদের মধ্যে সেরা পাঁচজনকে দেখে নেয়া যাক।
১। লুইস শ্যাভেজ (মেক্সিকো) - ১২১.৬ কিমি/ঘণ্টা
কাতার বিশ্বকাপে সবচেয়ে দ্রুতবেগে গোলটা করেছেন ২৬ বছর বয়সী মেক্সিকান মিডফিল্ডার লুইস শ্যাভেজ। গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে আলোর বেগে দুর্দান্ত এক শটে গোল করে মেক্সিকোকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। যদিও মেক্সিকো শেষ ষোলোয় উঠতে পারেনি।
২। রিতসু দোয়ান (জাপান) - ১২০ কিমি/ঘণ্টা
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনকে চমকে দিয়েছিল জাপান। স্প্যানিশদের বিপক্ষে জাপানের ২-১ গোলের ব্যবধানে জয়ের ম্যাচে ৪৮তম মিনিটের মাথায় একটি গোল করেন রিতসু। তার পা থেকে গোলপোস্টের দিকে ছুটে যাওয়া বলটার গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার।
.png)
৩। নিকলাস ফুলক্রুগ (জার্মানি) - ১১৮ কিমি/ঘণ্টা
সবশেষ দুই বিশ্বকাপেই বাজে খেলেছে 'ইউরোপের মেশিন' খ্যাত জার্মানি। এবারও শূন্য হাতে বিদায় নিয়েছে তারা। তবে জার্মানি বিদায় নিলেও দুর্দান্ত এক রেকর্ড গড়ে গেছেন তাদের ফরোয়ার্ড নিকলাস ফুলক্রুগ। স্পেনের বিরুদ্ধে ম্যাচে ৮৩ মিনিটের সময় সমতাসূচক গোল করেন এই ফরোয়ার্ড। সেই গোলটির গতি ছিলো ঘণ্টায় ১১৮ কিলোমিটার।
৪। ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) - ১১৭.৩ কিমি/ঘণ্টা
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। তবে এই আসরে সর্বোচ্চ গতির গোলের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তাদের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ঘানার বিরুদ্ধে পেনাল্টিতে রোনালদোর করা গোলটার গতি ছিল ঘণ্টায় ১১৭.৩ কিলোমিটার।
৫। হ্যারি কেইন (ইংল্যান্ড) - ১১৫.৮ কিমি/ঘণ্টা
এই তালিকায় আছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনও। প্রি-কোয়ার্টার তথা শেষ ষোলোর ম্যাচে সেনেগালের বিপক্ষে আসরে প্রথমবারের মতো গোলের খাতা খোলেন কেইন। ইংলিশ অধিনায়কের করা সেই গোলটির গতি ছিলো ঘণ্টায় ১১৫.৮ কিলোমিটার।