ব্রাজিলের এমন বিদায়ে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের জন্য কষ্টটা আরও বেশি। কারণ এবারই সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারের পর কষ্ট বুকে চেপে অনেকটা নিভৃতেই দেশে ফিরে গেছেন তিনি। এরপর অনেকটা আড়ালে থাকলেও এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমত ঝড় বইয়ে দিয়েছেন নেইমার।
.png)
সবাইকে চমকে দিয়ে ব্রাজিল দলের সতীর্থদের গোপন ম্যাসেজ ফাঁস করে দিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম একাউন্টের স্টোরিতে সতীর্থ থিয়াগো সিলভা, মার্কিনিয়োস এবং রদ্রিগোর সঙ্গে তার চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন পিএসজি তারকা। এমনকি তাদের অনুমতি না নিয়েই যে এটা করেছেন, সে কথাও স্বীকার করে নিয়েছেন তিনি।
চ্যাটের স্কিনশট শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম ফলোয়ারদের উদ্দেশে নেইমার লিখেন, 'আমি (তাদের অনুমতি না নিয়েই) ম্যাসেজগুলো প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি দেখাতে চেয়েছি আমরা জেতার জন্য কতটা মরিয়া ছিলাম এবং আমরা কতটা একতাবদ্ধ। গ্রুপের সঙ্গে আমি যেসব ম্যাসেজ আদান-প্রদান করেছি, সেগুলোর কিছু এখানে প্রকাশ করা হয়েছে। '
নেইমার যেসব স্ক্রিনশট শেয়ার করেছেন, তার প্রথমটি হচ্ছে মার্কিনিয়োসের সঙ্গে তার কথোপকথন। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে একটি শট মিস করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। রদ্রিগোও মিস করেন সেই ম্যাচে। কিন্তু ওই মিসের কারণে সতীর্থ সম্পর্কে নিজের ভাবনা পরিবর্তন করতে রাজি নন নেইমার।
মার্কিনিয়োসকে তাই নেইমার লিখেছিলেন, 'একটা পেনাল্টি তোমার সম্পর্কে আমার ভাবনা বদলে দিতে পারবে না। '
জবাবে মার্কিনিয়োস লিখেছেন, 'আমি সত্যিই চেয়েছিলাম সবকিছু যেন ভালোভাবে হয়। আমাদের এখন মনকে শক্ত করতে হবে, সময় নিতে হবে এবং দেখতে হবে ফুটবল আমাদের আর কী দেয়। '
নেইমারকে উদ্দেশ্য করে থিয়াগো সিলভা: আমি আর নিতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না আমরা হেরে গেছি।
আরেক ডিফেন্ডার থিয়াগো সিলভার সঙ্গে চ্যাট করতে গিয়ে নেইমার জানিয়েছেন, ব্রাজিলিয়ান অধিনায়কের জন্যই বিশ্বকাপটা জিততে চেয়েছিলেন তিনি।
জবাবে সিলভা হতাশা প্রকাশ করে লিখেছেন, 'ভাই, যতটা খারাপ হবে ভেবেছিলাম তার চেয়ে বেশিই হয়েছে। আমি আর নিতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না হেরে গেছি। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। প্রতিবার একথা মনে পড়লেই কান্না চলে আসে। '
রদ্রিগোকে নেইমার: সরি বলার কিছু নেই
পেনাল্টি শুটআউটে মিস করায় ভেঙে পড়েছেন রদ্রিগোও। নেইমারের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন রিয়াল তারকা।
তবে তরুণ সতীর্থকে সান্ত্বনা দিতে পিএসজি ফরোয়ার্ড লিখেছেন, 'তুমি বলেছো তুমি দুঃখিত, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি দারুণ। '
নেইমারের ফাঁস করা এই তথ্য কিছুটা হলেও তার ভক্ত সমর্থকদের শান্তনা দিবে।