বাংলাদেশের আরেকটি হতাশার সেশন, বিনা উইকেটে লাঞ্চ বিরতিতে ভারত
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হতাশা যেন শেষই হচ্ছে না। প্রথম ইনিংসে ভারতের রান পাহাড়ের জবাব দিতে নেমে দুইশোর আগে অলআউটের পর এবার ভারতের দ্বিতীয় ইনিংসেও কোনোরকম প্রভাব ফেলতে পারলো না বাংলাদেশি বোলাররা। বিনা উইকেটে লাঞ্চ বিরতিতে গেলো লোকেশ রাহুলের দল।
তৃতীয় দিনের প্রথম সেশনে ১৫ ওভার বোলিং করেও ভারতের দুই ওপেনারকে বিচ্ছিন্ন করতে পারেনি বাংলাদেশ। সাবধানী ব্যাটিংয়ে লোকেশ রাহুল ও শুবমান গিল তুলেছেন ৩৬ রান। তাতে প্রথম ইনিংসে ২৫৪ রানের বড় লিড পাওয়া ভারত এগিয়ে ২৯০ রানে।
.png)
সাবধানী হয়ে খেলে ৪৩ বলে ২০ রানে অপরাজিত আছেন রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া রাহুল। অন্যপ্রান্তে রিভিউ নিয়ে একবার বেঁচে যাওয়া গিলের রান ৪৭ বলে ১৫।
আজও পিঠের ব্যথার কারণে প্রথম সেশনে বল হাতে নেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। কাঁধের সমস্যায় দ্বিতীয় দিন বোলিং করেননি বাঁহাতি এই স্পিনার। প্রথম দিন করেছিলেন কেবল ১২ ওভার।
বাংলাদেশের জন্য নতুন দুঃসংবাদ হয়ে এসেছে মূল পেসার এবাদত হোসেনের ইনজুরি। পিঠের সমস্যায় মাঠে নেই এই পেসার। সে হিসেবে কার্যত এখন তিন বোলার নিয়ে খেলছে বাংলাদেশ।
বোলারদের মধ্যে খালেদ আহমেদ ৬ ওভারে দিয়েছেন ১৭ রান। তাইজুল ইসলামের ৭ ওভারে এসেছে ১০ রান। মেডেন দিয়ে শুরু করা মেহেদী হাসান মিরাজ লাঞ্চের আগে শেষ ওভারে হজম করেছেন দুটি বাউন্ডারি।
এর আগে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শুরু করে প্রথম ঘণ্টায় বাংলাদেশের ইনিংস থমকে যায় ১৫০ রানে।