ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

ফিফা থেকে যত টাকা পাওয়ার সুযোগ ক্রোয়েশিয়া-মরক্কোর সামনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ১৭ ডিসেম্বর ২০২২
ফিফা থেকে যত টাকা পাওয়ার সুযোগ ক্রোয়েশিয়া-মরক্কোর সামনে
ফাইল ছবি

আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনালের আগে আজ খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও মরক্কো। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ক্রোয়েশিয়া। তবে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায় তারা। স্বপ্ন ভাঙে বিশ্বকাপ জয়ের। 

অন্যদিকে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে মরক্কো। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তারা। তবে শেষ চারেই থামে দলটির যাত্রা। শক্তিশালী ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে যায় অ্যাটলাস সিংহরা।

Advertisement

আজ এই দু‘দল মুখোমুখি হতে চলেছে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে। এই ম্যাচের জয়ী দল আর্জেন্টিনা-ফ্রান্সের পর তৃতীয় দল হিসেবে স্থান করে নেবে এবারের বিশ্বকাপে। পরাজিত দলের অবস্থান হবে চতুর্থ।

কাতার বিশ্বকাপের তৃতীয় ও চতুর্থ স্থান দখল করা দলগুলো কত টাকা পাবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে? 

ফিফার দেয়া তথ্যমতে, এবারের বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলই প্রাইজমানি পাবে। যা অন্যান্য আসরগুলোর তুলনায় একটু বেশিই। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪২০ কোটি টাকা। রানার্সআপ পাবে প্রায় ৩০০ কোটি টাকা।

শেষ ষোল থেকে বিদায় নেয়া দলগুলোও পাবে বিপুল অঙ্কের প্রাইজমানি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩০ কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া চার দল পাবে প্রায় ১৭০ কোটি টাকা করে।

অন্যদিকে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল যথাক্রমে ২৭০ ও ২৫০ কোটি টাকা পাবে। এছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলগুলো পাবে ৯০ কোটি টাকা করে।

সে হিসেবে ক্রোয়েশিয়া যদি তৃতীয় স্থানের অধিকারী হয় তাহলে তারা পাবে ২৭০ কোটি আর চতুর্থ হলে ২৫০ কোটি টাকা। একইভাবে মরক্কোরও থাকছে সর্বোচ্চ ২৭০ কোটি টাকা জয়ের সুযোগ।

বিশ্বকাপে একই গ্রুপে খেলেছে মরক্কো ও ক্রোয়েশিয়া। ‘এফ’ গ্রুপে দুই দলের  ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়েছিল। যদিও গ্রুপ পর্ব এখন অতীত, দুটি দলের সামনেই জয় নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করে নতুন ইতিহাস রচনার সুযোগ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!