বিশ্বকাপ ট্রফি নিয়ে প্যারিস যেতে চান মেসি, দ্বিধায় ভুগছে পিএসজি
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। তৃতীয়বারের মতো বৈশ্বিক এই আসরের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছে লিওনেলে মেসিরা। উচ্ছ্বাসটাও তাই বাঁধভাঙা। এই আনন্দ ক্লাবের সঙ্গে ভাগাভাগি করতেই ট্রফি নিয়ে পিএসজিতে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন মেসি। তবে দ্বিধায় ভুগছে ক্লাব।
সংবাদমাধ্যম গোলডটকম জানিয়েছে যে, মেসি প্যারিসে শিরোপা নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান তিনি। ওই শুভক্ষণে পিএসজির ভক্তদের সামনে শিরোপা উচিয়ে ধরতে চান।
কিন্তু সমস্যা হচ্ছে, ক্লাব কর্তৃপক্ষ তার ইচ্ছার প্রতি সমর্থন দিতে পারছে না। কারণটাও অনুমেয়। মেসির আর্জেন্টিনা যে শিরোপা জিতেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে। প্যারিসে মেসিকে শিরোপা উচিয়ে ধরার অনুমতি দিলে ঝামেলায় পড়তে পারে পিএসজি।
জানা গেছে, সেজন্যই সিদ্ধান্তহীনতায় ভুগছে ক্লাব কর্তৃপক্ষ। এর মধ্যেই আগামী ২৮ ডিসেম্বর লিগ ওয়ানের মৌসুম পুনরায় শুরু হবে। এরই মধ্যে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হওয়া এমবাপ্পে ক্লাবের অনুশীলনে ফিরেছেন।
নেইমার-মার্কুইনোসরাও অনুশীলন শুরু করে দিয়েছেন। মেসিও বিশ্বকাপ উদযাপন শেষ করে ২৫ ডিসেম্বর নাগাদ ক্লাবে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে এখনো নিশ্চিত নয়, মেসি কবে ফিরবেন।
গত রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ও ইনজুরি টাইমে ম্যাচ ৩-৩ গোলে সমতা বিরাজ করায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে ফ্রান্সকে পরাজিত করে ৩৬ বছর পর শিরোপা উল্লাসে মেতে ওঠে।