শিরোপা ঘরে তুলতে প্রতিটি দলই নিজেদের পছন্দমতো দল সাজিয়েছে। দেখে নেয়া যাক কেমন হলো দলগুলো।
বিপিএলের সাত দল নিয়ে ডেইলি বাংলাদেশের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে ঢাকা ডমিনেটর্স...
.png)
শক্তিমত্তা
এবার নতুন মালিকানায় ঢাকার এই দলে ব্যাটার হিসেবে দেশীদের মধ্যে আছেন মোহাম্মাদ মিথুন, সৌম্য সরকার, মিজানুর রহমান। বিদেশিদের মধ্যে আছেন শ্রীলংকার দিলশান মুনাওয়ারা, আহমেদ শেহজাদ, শান মাসুদ ও উসমান ঘানি।

ব্যাটিংয়ে ঢাকাকে খুব একটা পিছিয়ে রাখার জো নেই। সৌম্য সরকার নিজের দিনে কি করতে পারেন্ সেটা আমরা সবাই জানি। মোহাম্মাদ মিথুনের হাতেও আছে স্ট্রোকের সমাহার। বিদেশীদের মধ্যে চারজনই দারুণ ব্যাট করতে পারেন।
বোলিংয়ে ঢাকার সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন তাসকিন আহমেদ, তার হাতে নেতৃত্বের ভারও তুলে দিয়েছে দলটি। সাম্প্রতিক সময়ে নিজের সেরা ফর্মে রয়েছেন তাসকিন। তার সঙ্গে হাত মেলাবেন শরিফুল ইসলাম ও চামিকা করুনারত্নে। আরো আছেন সালমান এরশাদ।

স্পিন আক্রমণে আছেন অভিজ্ঞ বাহাতি স্পিনার আরাফাত সানি। তাকে সঙ্গ দেবেন মনির হোসেন। অলরাউন্ডার হিসেবে আছেন নাসির হোসেন, অলক কাপালি,আরিফুল হক ও মুক্তার আলির মতো দেশীরা। দলের মূল ভরসা হয়ে উঠতে পারেন অলরাউন্ডাররাই।
দুর্বলতা
ঢাকার দলের দিকে তাকালে দেখা যায় স্পেশালিস্ট কোনো উইকেটকিপার নেই। এই একটা দিক নিয়ে বেশ ভুগতে হতে পারে ঢাকাকে। এছাড়াও বর্তমান সময়ের সেরা তারকাদের কাউকে দলে ভেড়াতে পারেনি দলটি। এটাও হতে পারে দুর্বলতার টার্নিং পয়েন্ট।
ঢাকার ব্যাটিং লাইনআপ অনেকটা ভাগ চাকার মতো। সঠিক সময়ে ক্লিক করলে জেতার চান্স আছে। আর না করলে বেশ ভুগতে হবে তাদেরকে। কেননা ব্যাটিং লাইনে যারা আছেন, তাদের উপর ভরসা করা গেলেও আস্থা রাখার মতো নয়।

ট্রাম্প কার্ড
ঢাকার জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারেন অধিনায়ক তাসকিন আহমেদ। দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশ জাত্য দলের এই পেসার। ব্যাটিংটাও দুর্দান্ত করেন তাসকিন। এরপরই আসবেন সৌম্য সরকার। তাসকিনের বাজির ঘোড়া হতে পারেন এই ওপেনার।
আফগানিস্তানের উসমান ঘানিও হয়ে উঠতে পারেন হঠাৎ ঝড়। এছাড়াও শান মাসুদ রয়েছেন ভালো ফর্মে। ব্যাট হাতে কাউন্টিতে আলো ছড়াচ্ছেন এই পাকিস্তানি। বিপিএলেও বিদেশীদের মধ্যে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ঢাকা।
ঢাকা ডমিনেটর্স স্কোয়াড
সরাসরি চুক্তিতেঃ
তাসকিন আহমেদ, দিলশান মুনাওয়ারা, চামিকা করুনারত্নে।
ড্রাফট থেকে দেশিঃ
মোহাম্মদ মিঠুন, শরিফুল ইসলাম, নাসির হোসেন, সৌম্য সরকার, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, আরাফাত সানি, আল আমিন হোসেন সিনিয়র।
ড্রাফট থেকে বিদেশিঃ
আহমেদ শেহজাদ, শান মাসুদ, সালমান এরশাদ, উসমান ঘানি।
হেড কোচঃ
চমিন্ডা ভাস