ঘটনাটি গত মাসের। ‘এ’ লিগে মেলবোর্ন ডার্বিতে ঘরের মাঠে মেলবোর্ন সিটির মুখোমুখি হয়েছিল মেলবোর্ন ভিকটোরি। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। গ্যালারি থেকে ভিকটোরির প্রচুর ক্ষিপ্ত সমর্থক মাঠে নেমে আসেন।
এ সময় তাদের একজন সিটির গোলরক্ষক টম গ্লোভারের দিকে বালি ভর্তি ধাতব বালতি ছুড়ে দেন। তাতে গ্লোভার আহত হন। ম্যাচের রেফারি এবং সম্প্রচারকারী চ্যানেলের একজন চিত্রগ্রাহকও আহত হন। ভিকটোরি সমর্থকদের তাণ্ডবে ম্যাচ বাতিল করতে বাধ্য হন রেফারি।
.png)
ম্যাচের আয়োজক ভিকটোরির বিরুদ্ধে কড়া রিপোর্ট দেন। ঘটনার পরই কড়া ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিল ফুটবল অস্ট্রেলিয়া। তদন্তের নির্দেশ দেওয়া হয়। গত মঙ্গলবার শাস্তি ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ফুটবল নিয়ামক সংস্থা।
ভিকটোরিকে ৩ লাখ ৮০ হাজার ডলার জরিমানা করার পাশাপাশি ১০ পয়েন্ট কেটে নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পয়েন্ট অবশ্য এখনই কাটা হবে না। ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত একটি ম্যাচেও সামান্যতম অপ্রীতিকর অবস্থা তৈরি হলে ভিকটোরির ১০ পয়েন্ট কেটে নেয়া হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ফুটবল অস্ট্রেলিয়ার গভর্নিং বডির চিফ এক্সিকিউটিভ জেমসজনসন বলেছেন, ‘আমরা দেখেছি মেলবোর্ন ভিকটোরি ক্লাব এবং কিছু ব্যক্তি অমার্জনীয় আচরণ করেছে। আমাদের নিয়ম এবং প্রতিবিধান গুরুতর ভাবে লঙ্ঘন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মেলবোর্ন ভিকটোরি ক্লাবকে যা শাস্তি দেওয়া হয়েছে, তা ‘এ’ লিগের ইতিহাসে সর্বোচ্চ। ফুটবল থেকে এমন জঘন্য আচরণ দূর করারজন্যই আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের মাধ্যমে আমার ইচ্ছা প্রতিফলিত হচ্ছে।’
শুধু ক্লাবের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়নি ফুটবল অস্ট্রেলিয়া। ঘটনার ভিডিও দেখে ১৭জন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। তিনজনকে ফুটবল মাঠে আজীবন নির্বাসিত করা হয়েছে। উল্লেখ্য, ম্যাচের ২২ মিনিটে ঝামেলা শুরু হওয়ার সময় ভিকটোরি ০-১ ব্যবধানে পিছিয়ে ছিল।