ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মা হচ্ছেন ওসাকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০১, ১২ জানুয়ারি ২০২৩
মা হচ্ছেন ওসাকা
নাওমি ওসাকা

দিন দুয়েক আগেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। এবার নাওমি ওসাকা জানালেন, তিনি অন্তঃসত্ত্বা। বুধবার রাতের দিকে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি। এর পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন, এ বছরে তাকে টেনিস কোর্টে দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

বুধবার রাতে একটি পোস্টে ওসাকা লিখেছেন, আমি বুঝতে পেরেছি যে জীবনটা খুবই ছোট। তাই কোনো মুহূর্তই হাতছাড়া করতে চাই না। প্রত্যেকটা দিন একটা নতুন আশীর্বাদ এবং রোমাঞ্চ। ২০২৩ এমন একটা বছর হতে চলেছে যা আমাকে অনেক শিক্ষা দেবে। 

এরপর তিনি লেখেন, জানি যে ভবিষ্যৎ থেকে অনেক কিছুই পাওয়ার আছে আমার। তার মধ্যে একটা হল, সন্তানকে আমার কোনো ম্যাচ খেলতে দেখা এবং তাকে বলতে শোনা, ‘দেখো, আমার মা খেলছে।’ আশা করি পরের বছর অস্ট্রেলিয়ান ওপেনে আপনাদের সঙ্গে দেখা হবে।

Advertisement

প্রসঙ্গত, গত তিন বছর ধরে র‌্যাপার কোর্দার সঙ্গে প্রেম করছেন ওসাকা। নিজের পোস্টে কোথাও কোর্দা বা তার সন্তানের বাবার নাম নেননি ওসাকা। ফলে তৈরি হয়েছে জল্পনা। তবে গোটা টেনিস দুনিয়ার শুভেচ্ছা পেয়েছেন ওসাকা। সবাই তাকে আরো শক্তিশালী হয়ে কোর্টে ফেরার বার্তা দিয়েছেন।

অতীতে খুব কম টেনিস খেলোয়াড়কেই ক্যারিয়ারের মধ্যগগনে মাতৃত্বের স্বাদ নিতে দেখা গেছে। সেরেনা উইলিয়ামস মা হয়েছেন। তবে ক্যারিয়ারের একেবারে শেষ দিকেই। ফিরে আসার পর তাকে পুরনো ছন্দে দেখা যায়নি। সাবেক টেনিস তারকা মারিয়া শারাপোভাও সম্প্রতি মাতৃত্বের কথা ঘোষণা করেছেন।

তার আগে কিম ক্লিস্টার্স, ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা মাতৃত্বের কারণে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন। কেউই আগের মতো ক্ষিপ্র হতে পারেননি। ফলে চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকাকে নিয়েও সন্দেহ থেকেই যাচ্ছে।

গত বছরের ইউএস ওপেনে শেষ বার কোর্টে দেখা গিয়েছিল ওসাকাকে। প্রথম রাউন্ডেই হেরে যান তিনি। ২০২২-এ মাত্র ১১টি প্রতিযোগিতায় খেলেছেন। 

২০২১-এর অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে আর কোনো ট্রফি জেতেননি। কোনো গ্র্যান্ড স্ল্যামেই তৃতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি। মাঝে মানসিক স্বাস্থ্যের কারণে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন। বলে দিয়েছিলেন, টেনিসকে আর উপভোগ করছেন না। তার পরে টেনিসে ফিরলেও আগের ছন্দে আর দেখা যায়নি ওসাকাকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!