ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত গোল করে এগিয়ে ছিল সিটি। কিন্তু ৭৮ থেকে ৮২ এই চার মিনিটের ব্যবধানে দুই গোল করে প্রায় পকেটে থাকা ম্যাচ থেকে ম্যানসিটিকে ছিটকে জয় তুলে নেয় ম্যানইউ। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে উঠে এলো টেন হাগের শিষ্যরা।
শনিবার (১৪ জানুয়ারি) ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা। জ্যাক গ্রিলিশের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যানইউকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। আর জয়সূচক গোলটি করেন মার্কাস রাশফোর্ড।
.png)
ম্যাচের প্রথমার্ধে ম্যানসিটির তুলনায় বেশি আধিপত্য ছিল ম্যানইউর। কিন্তু গোল পায়নি কোন দলই। তবে বিরতির পর বদলি হয়ে নামা গ্রিলিশ গোল করে ম্যানসিটিকে লিড এনে দেন। এই গোলে স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম।
তখন মনে হচ্ছিলো আগের মতই একই পরিণতি বরণ করতে পারে ম্যানইউর। কিন্তু নাহ, এবার তেমন কিছু হয়নি। দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়ায় রেড ডেভিলরা। সিটিজেনদের চমকে দিয়ে ৭৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের দুর্দান্ত এক শট আশ্রয় নেয় সিটির জালে।
এই গোলের রেশ না কাটতেই মাত্র ৪ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় ম্যানইউ। এবার গোলদাতা রাশফোর্ড। এই গোল দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর ম্যানইউর প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড করেন রাশফোর্ড।
এই ম্যাচ শেষে টেবিলে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে আর্সেনাল। ৩৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই ম্যানসিটি। ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানইউ।