বিপিএলের শেষের দিকে আসর মাতাতে আসবেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের মতো তারকারা। তাদের সঙ্গে যোগ হচ্ছেন আফগান সেনসেশন মুজিব উর রহমানও। আসতে পারেন মঈন আলী, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
বিপিএলে চলাকালীন আন্তর্জাতিক টি-২০ লিগ এবং দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের জন্য বিদেশী তারকা ক্রিকেটারদের সংকট তৈরি হয়েছিলো তবে সেই সংকট কিছুটা হলেও পরিপূর্ণ করেছিলো পাকিস্তানি ক্রিকেটাররা।
.png)
তবে তাদেরকেও ফিরে যেতে হবে ৮ ফেব্রুয়ারির মধ্যে। পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে তাদেরকে দেশে ফিরে যেতে বলা হয়েছে। জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার ফিরে যেতে পারেন আরো আগে, ২ ফেব্রুয়ারির মধ্যে।
এরই মধ্যে জানা গিয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের শেষ অংশে জন্য একাধিক ক্রিকেটারদের সাথে কথাবার্তা শুরু করেছে। তাদের মধ্যে টি-২০ ক্রিকেটের দুই মহাতারকা ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনিল নারিন অন্যতম।
এই দুজনকে দেখা যেতে পারে সবশেষ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এছাড়াও ইংল্যান্ডের মঈন আলীর সাথেও কথাবার্তা শুরু করেছে কুমিল্লা। তার কারণ গত মৌসুমে কুমিল্লার হয়ে খেলেছিলেন মঈন আলী।
আসরে ফরচুন বরিশালে পাকিস্তানি ক্রিকেটার আছেন তিনজন। তারাও ৮ ফেব্রুয়ারি দেশে ফিরে যাবেন। তাই বরিশালও বিকল্প ক্রিকেটার নিয়ে রেখেছে। এমনটাই জানিয়েছেন বরিশালের কর্ণধার মিজানুর রহমান।
বরিশালের মালিক জানিয়েছেন, খুব দ্রুতই বরিশালের দলে যোগ দিচ্ছেন রহমানুল্লাহ গুবরাজ এবং নাভিন উল হক। এছাড়াও মুজিবুর রহমানের সাথে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন ফরচুন বরিশালের মালিক।