ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মার্টিনেজের একমাত্র গোলে মিলান ডার্বিতে ইন্টারের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩
মার্টিনেজের একমাত্র গোলে মিলান ডার্বিতে ইন্টারের জয়
লাউতারো মার্টিনেজ

অধিনায়ক লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে মিলান ডার্বিতে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানকে পরাজিত করেছে ইন্টার মিলান। কিন্তু তারপরও ইন্টার সিরি আ লিগে টেবিলের শীর্ষে থাকা নাপোলির সঙ্গে ১৩ পয়েন্টের ব্যবধান কমাতে পারেনি।

সান সিরোতে ৩৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্টিনেজ এবারের লিগে নিজের ১২তম গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ইন্টার দ্বিতীয় স্থান ধরে রাখলো। একইসঙ্গে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান শিরোপা ধরে রাখার পথে আরো একবার বাঁধার সম্মুখীন হলো। 

গ্রীষ্ম মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজিতে যাবার আগ্রহ দেখিয়েছে মিলান স্ক্রিনিয়ার। যে কারণে কাল ইন্টারের অধিনায়কের আর্মব্যান্ড দেয়া হয়েছিল মার্টিনেজকে। এ সম্পর্কে তিনি বলেন, ‘অধিনায়কের আর্মব্যান্ড পড়া আমাকে গর্বিত করেছে।’

Advertisement

তিনি আরো বলেন, ‘ইন্টারে আসার পর থেকেই আমি নিজের সেরাটা দেবার চেষ্টা করেছি। এটা সত্যিই আমার কাছে বিশেষ একটি ম্যাচ ছিল। আমরা আবারো নিজেদের প্রমাণ করেছি।’

লিগে টানা তৃতীয় পরাজয়ে মিলান টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে। আগের মৌসুমে দূরন্ত মিলানকে এবার শুরু থেকেই খুঁজে পাওয়া যায়নি। কোন বিভাগেই খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি।

বিশ্বকাপের পর ছয় লিগ ম্যাচে স্টিফানো পিওলির দল মাত্র পাঁচ পয়েন্ট অর্জন করেছে। এরই মধ্যে ইতালিয়ান কাপ থেকে বিদায়ের পর সুপার কাপেও ইন্টারের কাছে পরাজিত হয়েছে তারা।

এ মাসেই ২০১৪ সালের পর প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হতে যাচ্ছে মিলান। এবারের মৌসুমে এরই মধ্যে দুইবার চেলসির কাছে পরাজিত ইউরোপে এগিয়ে যাবারা সম্ভাবনা মিলানের খুবই ক্ষীণ। 

কালকের ডার্বিতে তারা একটি শটও ইন্টারের পোস্টে করতে পারেনি। পুরো ম্যাচেই ইন্টারের আধিপত্য ছিল। গোল হজম না করার লক্ষ্যে দলের ফর্মেশন পরিবর্তন করে রাফায়েল লিয়াওকে মূল দলের বাইরে রেখেছিলেন পিওলি।

এ সম্পর্কে পিওলি বলেন, ‘সম্প্রতি আমরা রক্ষণভাগে বেশ শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছি। কিন্তু আমরা কখনই রক্ষণাত্মক ম্যাচ খেলতে চাইনি। আমরা যদি সত্যিকারের ফুটবল খেলার চেষ্টা করতাম তবে ম্যাচের চিত্র হয়তো ভিন্ন হতো।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!