ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২০২৩

জমে উঠেছে বিপিএলের শীর্ষ দুইয়ে থাকার লড়াই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩
জমে উঠেছে বিপিএলের শীর্ষ দুইয়ে থাকার লড়াই
ফাইল ছবি

সঠিক সময়ে রংপুর রাইডার্স ফর্ম ফিরে পাওয়ায় হঠাৎ করেই যেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে শীর্ষ দুইয়ে থাকতে গ্রুপ পর্বের শেষ দিকের লড়াইটা জমে উঠেছে।

একসময় রংপুরকে সেরা চারে জায়গা করে নেয়ার মত দল মনেই হচ্ছিলো না। কিন্তু টানা পাঁচ ম্যাচ জিতে কেবল সেরা চারই নিশ্চিত করেনি, গ্রুপ পর্বের লড়াই শেষে শীর্ষ দুইয়ের মধ্যে থাকার জন্য অন্যতম দাবীদার এখন তারা।

রংপুর সর্বশেষ জয় পেয়েছে শুরু থেকেই দারুণ ছন্দে থাকা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। দারুণ পারফরমেন্সে শীর্ষ দুইয়ে থাকার পথেই ছিলো সিলেট। কিন্তু এখন শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।  

Advertisement

১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে রয়েছে সিলেট। ১০টি করে ম্যাচ খেলে ১৪ করে পয়েন্ট সংগ্রহ করে সিলেটের সঙ্গে সেরা চারে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নামবে সিলেট। ঐ ম্যাচে জয়ের প্রত্যাশাই করছে তারা। একই সঙ্গে, পরের দুই ম্যাচে জয়ের সম্ভাবনা রয়েছে অন্য তিন দলেরও। তখন নেট রান রেট বিবেচনায় শীর্ষ দু’টি দল নির্ধারিত হবে।  

শীর্ষ দুইয়ের মধ্যে থাকলে প্রথম কোয়ালিফায়ারে হারা দলটি ফাইনালে খেলার জন্য আরো একটি সুযোগ পায়। তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দলকে এলিমিনেটরে খেলতে হয়। এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে। তাই শীর্ষ দুইয়ের মধ্যে শেষ করতে পারা দলগুলো বড় সুবিধা পেয়ে থাকে।

যেকোন কিছুই ঘটতে পারে-এমনটা বিবেচনায় রেখেই গ্রুপ পর্বের শেষ দিকে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত চারটি দল। যদিও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য ক্রিকেটারদের ৪ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছিলো সেদেশের ক্রিকেট বোর্ড। তবে পুরো টুর্নামেন্টের তাদের ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা করেছে এই চারটি দলই।

বিপিএলের এই মৌসুমে প্রত্যেকটি দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তানি ক্রিকেটাররা। এরই মধ্যে পাকিস্তানের কিছু খেলোয়াড় দেশে ফিরেছে। সেরা এই চারটি দল তাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফেরানোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে ফিরেছেন খুশদিল শাহ। ফরচুন বরিশালের বিপক্ষে পরের ম্যাচে খেলবেন তিনি। কুমিল্লার আরো একটি সু-খবর, দলে ফিরবেন মোহাম্মদ রিজওয়ান।

এদিকে ২ উইকেটে ১৭০ রান করে শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হারলেও ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য সিলেটের। ঐ ম্যাচে দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে ছাড়াই খেলতে হয়েছে সিলেটকে।

দলকে টেবিলের শীর্ষে তুলতে বড় ভূমিকা রেখেছেন আমির ও ওয়াসিম। ইনজুরির কারণে ঐ ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সর্বশেষ খবর, দলের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আগামীকাল ঢাকায় আসবেন আমির ও ওয়াসিম। প্লে অফের ম্যাচে এই জুটির অনুপস্থিতিতে শ্রীলংকার পেসার ইসুরু উদানা ও দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার জর্জ ফ্রেডেরিককে দলে যুক্ত করার চেষ্টা করছে সিলেট।

এ অবস্থায় আগামীকালের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা ডমিনেটর্সের ম্যাচটি গুরুত্বপূর্ণ নয়। কারণ দু’দলই প্লে অফের দৌঁড় থেকে ছিটকে পড়েছে। দিনের অন্য ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ বরিশাল। এই ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ।

দু’টি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!