ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দেশের জন্য পিএসএলকে তাসকিনের না

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
দেশের জন্য পিএসএলকে তাসকিনের না
তাসকিন আহমেদ

আগামী ২৪ ফেব্রুয়ারি তিনটি করে ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের আগে কয়েক ম্যাচের জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

মুলতান সুলতান্সের হয়ে তিন ম্যাচ খেলার প্রস্তাব এসেছিল তাসকিনের কাছে। তবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির কথা ভেবে তাতে না করে দিয়েছেন তারকা এই পেসার।

শনিবার একক অনুশীলন শেষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘বোর্ড থেকে পুরস্কৃত করেছে (গতবার আইপিএল না খেলায়)। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেয়ে দেশের হয়ে খেলাটাই মূল লক্ষ্য।’

এরপর তিনি বলেন, ‘আসলে বোর্ড থেকে যেটা সিদ্ধান্ত নেবে, ম্যানেজমেন্ট আছে। আইপিএল খেলতে পারিনি বলে আক্ষেপ নেই। ভালো করলে সামনে আরও সুযোগ আসবে। দিনশেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করা।’

তাসকিন যোগ করেন, ‘যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ। কয়েক ম্যাচের জন্য যদি ওখান থেকে প্রস্তাব আসে আর সেখানে গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু একটা নিগেল ছিল, ইনজুরি থেকে সেরে উঠছি। পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’

এর আগে গেল বছর আইপিএলেও খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেবারও জাতীয় দলকে প্রাধান্য দিতে আইপিএলকে না করে দিয়েছিলেন তারকা এই পেসার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!