ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি; ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি আগামী বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত দলের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। 

লিওনেল স্কালোনি, যিনি আর্জেন্টিনাকে ২০২১ সালে কোপা আমেরিকা শিরোপাও জিতে নিয়েছিলেন, সোমবার (২৭ ফেব্রুয়ারী) প্যারিসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার সাথে সাক্ষাতের পর তার চুক্তি নবায়ন করেছেন।

এএফএ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisement

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাউডিও তাপিয়া এবং লিওনেল স্কালোনি ২০২৬ সাল পর্যন্ত সিনিয়র সিলেকশনের কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য বৈঠক করেছিলেন।

ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে অংশ নিতে এই মুহূর্তে প্যারিসে অবস্থান করছেন স্কালোনি। তার ঠিক কয়েক ঘণ্টা আগেই তার সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেয় এএফএ।

টুইটারে এএফএ প্রেসিডেন্ট লেখেন, ‘যখন আস্থা বেশি থাকে, তখন যোগাযোগের ক্ষেত্রটা আরও সহজ ও কার্যকরী হয়। বিশ্ব চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনিকে সঙ্গে নিয়ে জাতীয় দলের প্রকল্পকে শক্তিশালী করার কাজটা চালিয়ে যাব আমরা।’

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল লিওনেল স্কালোনির এবং সেই মিশনে দুর্দান্তভাবে সফলও তিনি। তার হাত ধরেই ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় আর্জেন্টিনা। এরপর  তাকে রাখা হবে কি না তা নিয়ে আলোচনা হচ্ছিল বেশ। 

দুই পক্ষ অবশ্য মৌখিকভাবে সম্মতি দিয়ে রেখেছিল। তবে আনুষ্ঠানিকতা নিয়ে যত সব রহস্য সৃষ্টি হচ্ছিল। সেটা অবশেষে এএফএ আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে কোচিংয়ের দায়িত্বটা বুঝিয়ে দিল।  

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। নতুন চুক্তিতে ৪৪ বছর বয়সী স্কালোনির প্রথম অ্যাসাইনমেন্ট পানামা ও  সুরিনামের বিপক্ষে। আগামী মার্চে ঘরের মাঠে প্রীতি ম্যাচ দুটো খেলবে আর্জেন্টিনা। এদিকে স্কালোনিসহ দুই সহকারী কোচ পাবলো এইমার ও ওয়াল্টার স্যামুয়েলের সঙ্গেও চুক্তি নবায়ন করেছে এএফএ।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!