আগের ম্যাচের পর্তুগিজ তারকার ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরবের ক্লাব আল নাসের। পরের ম্যাচে এসে খেই হারিয়ে ফেলেছিল ফারিস নাজাতরা। কিন্তু এটা যে ফুটবল। ফলে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বাকি ছিল। ইনজুরি সময়ে আল বাতিনের জালে গুনে গুনে তিন গোল দেয় আল নাসেরের খেলোয়াড়রা। তাতেই শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।
শুক্রবার রাতে সৌদি প্রো লিগে দলীয় ১৯ তম ম্যাচে আল বাতিনের বিপক্ষে নামে আল নাসের। শেষ মুহূর্তের গোলে জয়ে নিয়ে মাঠ ছাড়া আল নাসের আল ইতিহাদকে সরিয়ে লিগে শীর্ষেও উঠে গেছে। আল ইতিহাদের পয়েন্ট ৪৪, আল নাসরের এখন ৪৬।
গতকাল খেলায় শুরু থেকেই দাপট দেখিয়ে খেললেও ১৭ মিনিটেই পিছিয়ে পড়েছিল আল নাসের। আল বাতিনকে এগিয়ে দেন রেনজো লোপেজ (১-০)। ওই এক গোলের লিড নিয়ে নির্ধারিত সময় শেষ করেছিল দলটি। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় দেওয়া হয় অতিরিক্ত ১২ মিনিট। এ সময় ক্ষুধার্ত সিংহের মতো আল বাতিনের ওপর ঝাঁপিয়ে পড়ে আল নাসের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ করতে থাকে। সেই আক্রমণে সুফল মেলে।
যোগ করা সময়ের (৯০+৩) মিনিটে গোল করে নাসেরকে সমতা ফেরান আবদুলরহমান ঘারিব। ম্যাচ তখন একদম অন্তিম পর্যায়ে, মনে হচ্ছিল ১-১ সমতায়ই শেষ হবে। এমন সময়ে ফের চমক আল নাসরের। যোগ করা সময়ের (৯০+১২) মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আল ফাতিল ২-১। খেলার (৯০+১৪) মিনিটের দিকে আল-বাতিনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোহাম্মদ মারান (৩-১)। ওই গোলের পরপরই শেষ বাঁশি বাজান রেফারি।
অথচ আল নাসরের শীর্ষে উঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এক গোলে পিছিয়ে ছিল তারা নির্ধারিত ৯০ মিনিট পরও। রোনালদো বারকয়েক চেষ্টা করেও গোল করতে পারেননি। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন এবং ইনজুরি টাইমে তিন গোল করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া।