ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক তামিম জানালেন সাকিবের মতো ক্রিকেটার দলের জন্য আশীর্বাদ। টাইগার অধিনায়ক বলেন, সে মানসিকভাবে খুবই শক্তিশালী। এর আগেও সে এমন পারফরম্যান্স করেছে। এটা নতুন নয়। আর তার মতো ক্রিকেটার থাকা যেকোনো দলের জন্য আশীর্বাদ। তার স্কিল সেটই আলাদা, যে কিনা ১০ ওভার বোলিং করবে আবার ব্যাটিংও করবে, এমন ক্রিকেটার খুব বেশি খুঁজে পাবেন না।
সাকিবের পারফরম্যান্স সবসময় তরুণদের অনুপ্রাণিত করে দাবি করে তামিম বলেন, সে আজ অসাধারণ খেলেছে। যেভাবে সে নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাট করেছে, ওই রানগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। বোলিংয়ের সময় উইকেটে তেমন সাহায্য ছিল না। স্পিন করছিল না। এরপরও এমন বোলিং করেছে সে। সাকিবের বোলিং দেখে তাইজুলও ভালো করেছে। শুরুতে সে বুঝতে পারেনি, এখানে কী করা উচিত। পরে কিন্তু তাইজুলও ভালো করেছে।
.png)
২০১৯ বিশ্বকাপে সাকিব তিনে ব্যাটিং করেছেন। এরপর তিনে, চারে কিংবা পাঁচে ব্যাট করতে দেখা গেছে তাকে। অথচ দলের অন্যতম সেরা ব্যাটারের ব্যাটিং অর্ডার চূড়ান্ত নয়। বিষয়টি নিয়ে অধিনায়ক তামিম জানিয়েছেন, বিশ্বকাপে সাকিবকে চার-পাঁচে ব্যাটিং করানোর পরিকল্পনা তাদের, ‘(বিশ্বকাপে) সাকিবের ব্যাটিং অর্ডার চার বা পাঁচ নম্বরে হবে। এটি চূড়ান্ত।’ সাকিবকে দলে পাওয়া যেকোন অধিনায়কের জন্য বিশেষ কিছু বলেও মন্তব্য করেছেন তিনি।