ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

একাদশে সুযোগ পেয়েই রনির বিশ্বরেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৬, ৯ মার্চ ২০২৩
একাদশে সুযোগ পেয়েই রনির বিশ্বরেকর্ড
রনি তালুকদার

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে বাংলাদেশের একাদশে আছেন রনি তালুকদার। দলে ডাক পেয়েই অন্যরকম এক বিশ্বরেকর্ড গড়েছেন এ ব্যাটার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ খেলার মধ্য দিয়ে অভিষেকের দীর্ঘ আট বছর পর ফের টি-২০ ম্যাচ খেলতে নেমেছেন রনি। যার মাধ্যমে তিনি ভেঙেছেন ইংল্যান্ডের আদিল রশিদের রেকর্ড।

২০১৫ সালে টি-২০তে রনির অভিষেক হয়। এরপর ১০৬টি টি-২০ খেলেছে বাংলাদেশ, যেখানে দলে ছিলেন না তিনি। আজকের মধ্য দিয়ে সর্বোচ্চ বিরতির পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা ক্রিকেটার হয়েছেন এ ব্যাটার।

Advertisement

এতদিন এই রেকর্ড ছিল ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদের দখলে। টি-২০তে অভিষেকের পর দলের ৯২ ম্যাচের পর দ্বিতীয়টি খেলতে নেমেছিলেন তিনি। ২০০৯ সালে অভিষেকের ছয় বছর পর ২০১৫ সালে দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন রশিদ।

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন ওপেনার রনি। নাজমুল হোসেন শান্তর পর দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান করেছেন তিনি। যার ফলে ফের ডাক পান জাতীয় দলে।

কোচ হিসেবে হাথুরুসিংহের প্রথম মেয়াদে টি-২০ অভিষেক হয়েছিলো রনির। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ দলে থাকলেও একাদশে খেলার সুযোগ হয়নি এবং শেষ পর্যন্ত বাদ পড়েন।

দীর্ঘ সময় পর ফের জাতীয় দলে ফেরাটা বিশ্বরেকর্ডের মাধ্যমেই রাঙালেন রনি। বাকিটা পথ তিনি কতটা রঙিন রাখতে পারেন, সেটাই এখন দেখার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!