ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির দলের দায়িত্ব নেবেন জিদান!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ১০ মার্চ ২০২৩
মেসির দলের দায়িত্ব নেবেন জিদান!
জিনেদিন জিদান

একঝাঁক তারকা নিয়ে দল গড়লেও চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক ব্যর্থতা উপহার দিয়ে যাচ্ছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। সর্বশেষ ইতালিয়ান ক্লাব এসি মিলানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা। এ অবস্থায় সবার আগে আঙুল উঠেছে কোচ ক্রিস্তফ গালতিয়েরের দিকে।

তবে এ সুযোগে বাদ যাচ্ছেন না তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেরাও। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, পিএসজিতে গালতিয়েরের অধ্যায় শেষের দিকে। এরই মধ্যে তার বিকল্পও খুঁজে নিয়েছে ক্লাবটি।

ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, যদি বর্তমান কোচের বিদায় নিশ্চিত হয়, তাহলে পরবর্তী সময়ে জিদানের কথা ভাবা হচ্ছে। তিনি ফ্রান্স জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগ এখন না থাকায় তার পিএসজি শিবিরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisement

তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর গালতিয়েরের বিদায় কাঙ্ক্ষিত হলেও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি নাসের আল খেলাইফির ক্লাব। তার পরিবর্তে জিদানকে আনার গুঞ্জন আগে থেকেই চলমান রয়েছে। কিন্তু দলের এমন নাজেহাল পরিস্থিতিতে সেই আলোচনাই আরো জোরালো করে তুলেছে মার্কা।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, তারকা খচিত দলে বেশ পরিবর্তন আনতে যাচ্ছে পিএসজি। দলের পরীক্ষিত তারকাদের ওপর তারা আর নির্ভর করতে রাজি নয়। তাই এমবাপ্পেকে সঙ্গ দিতে ১৬ বছর বয়সী জায়েরে এমেরি ও ১৭ বছর বয়সী সেন্টার-ব্যাক চাদায়েল বিটশিয়াবুকে মূল দলে আনার কথা ভাবছে ক্লাবটি।

এর আগেও জিদানকে নিয়ে ফ্রান্স জাতীয় দল ও পিএসজির দায়িত্ব নেয়ার আলোচনা তৈরি হয়েছিল। তবে তিনি জাতীয় দলের ডাগআউটে ফিরতে চেয়েছিলেন। দলটির কোচ দিদিয়ের দেশমকে পুনরায় দায়িত্বে রাখায় তার সেই আশা পূরণ হয়নি।

এরপর ব্রাজিল জাতীয় দল, পিএসজি ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে জিদান যোগ দিতে পারেন বলে শোরগোল ওঠে। কিন্তু ভাষাগত জটিলতায় ব্রাজিল ও জুভেন্টাসে তার ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কেবল তাই নয়, ভাষাগত দুর্বলতার কারণে ইংল্যান্ড বা জার্মানিতেও তার যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। 

অন্যদিকে রিয়াল মাদ্রিদে জিদানের যাওয়ার বিষয়টিও অনিশ্চিত। ফলে ঘুরেফিরে ফরাসি ক্লাবটিই আলোচনায় থাকছে। ৫০ বছর বয়সী ফ্রান্সের সাবেক বিশ্বজয়ী তারকা তার ভবিষ্যত গন্তব্য হিসেবে কোন ক্লাবকে বেছে নেন এখন সেটিই দেখার বিষয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!