ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমি শুধু জিততে চাই: এল ক্লাসিকো প্রসঙ্গে রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২০, ১৯ মার্চ ২০২৩
আমি শুধু জিততে চাই: এল ক্লাসিকো প্রসঙ্গে রিয়াল কোচ
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

লা লিগায় শীর্ষে রয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লিগে এগিয়ে থাকলেও সর্বশেষ কয়েকটা ম্যাচ দলটি জিতেছে টেনে টুনে। তারপরেও দলটি নিয়ে একটু বেশি সর্তক রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তাই শনিবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করে নিলেন, স্নায়ুচাপে থাকবে তার দল।   

রোববার (১৯ মার্চ) লিগ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। সমান ম্যাচে শীর্ষে থাকার বার্সেলোনার ৬৫ পয়েন্ট।

Advertisement

চলতি বছরের তৃতীয় এল ক্লাসিকো লড়াই আজ। আগেই দুটি লড়াইয়ে দুটিতেই জিতেছে বার্সেলোনা। বছরের প্রথম লড়াইটি হয়েছিল ১৫ই জানুয়ারী সুপার কাপের ফাইনালে। সেখানে ১-০ গোলে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতে বার্সা। দ্বিতীয় লড়াইটি হয়েছিল চলতি মাসের ২রা তারিখে কোপা দেলের প্রথম লেগের সেমি-ফাইনালে। সেখানে রিয়ালকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সা।

শনিবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘বার্সাকে বিড়াল হিসেবে নয়, সিংহ হিসেবে দেখতে হবে আমাদের। আমরা যদি তাদের বিড়াল হিসেবে দেখি, মনে হবে আমরা কোনো পার্টিতে যাচ্ছি। একটি দুর্দান্ত দলের বিপক্ষে এবং গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। এই ম্যাচগুলিতে অবশ্যই সবসময় ভয় কাজ করে, কিন্তু এটা স্বাভাবিক। আমার জন্য ম্যাচ শুরুর আগের দুই ঘন্টা সবচেয়ে বাজে সময়।’

লিগের ম্যাচে রিয়াল হেরে গেলে তাদের শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ হয়ে যাবে বলে মনে করছে অনেকেই। তবে এগুলো নিয়ে ভাবছে না আনচেলত্তি। বলেন,‘ আমি জানি না (শিরোপা নির্ধারক কিনা)। আমরা শুধু জয়ের কথা ভাবছি, আমি শুধু জিততে চাই। যদি আমরা জিততে না পারি, পরে ভাবব।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!