ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বিমানবন্দরে গোলাপ দিয়ে যুবককে বিয়ের প্রস্তাব রোহিতের, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ২১ মার্চ ২০২৩
বিমানবন্দরে গোলাপ দিয়ে যুবককে বিয়ের প্রস্তাব রোহিতের, ভিডিও ভাইরাল
রোহিত শর্মা

বর্তমানে বেশ খোশমেজাজে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এতটাই খুশি যে এক পুরুষ ভক্তকে গোলাপ দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা মাত্র হয়েছে ভাইরাল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ভারত। মুম্বাইয়ে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে দলে ছিলেন না রোহিত। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে দলে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার বিশাখাপত্তমে পা দিয়েছিল তার দল। আর বিমানবন্দরেই ঘটে সেই ঘটনা।

ভারতীয় দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন অনেকে। তাদের মধ্যে এক যুবক দলের ভিডিও করছিলেন। রোহিত যখন তার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎই দেখা যায়, নিজের হাতে থাকা গোলাপটি সেই যুবককে দিয়ে দেন ভারত অধিনায়ক।

এরপর রোহিত বলেন, ‘‘এই নাও, এটা তোমার জন্য।’’ তারপরেই রোহিতকে বলতে শোনা যায়, ‘‘আমাকে বিয়ে করবে?’’ ভারত অধিনায়কের মুখে এ কথা শুনে হেসে ফেলেন সেই যুবক।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। ভক্তদের মতে, রোহিত সত্যিই খুব মজার মানুষ। নইলে কি আর এভাবে এক জনের সঙ্গে মজা করতে পারেন! ভারত অধিনায়কের সঙ্গে সাধারণ মানুষ কথা বলতে পারছেন, এটাই বা কম কী?

তবে বিশাখাপত্তমে শুরুটা মজায় হলেও শেষটা ভাল হয়নি ভারতের। অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার হেরেছে তারা। প্রথমে ব্যাট করে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় ভারত। রোহিত নিজে মাত্র ১৩ রান করেন।  ম্যাচটি ১০ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া।

 

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!