ক্লাসেনের ঝড়ো সেঞ্চুরিতে জিতলো দক্ষিণ আফ্রিকা
প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয় ৪৮ রানে। যার কারণে ঘরের মাটিতে সিরিজ হারের শঙ্কা বসেছিল দক্ষিণ আফ্রিকার। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এমন হতে দেননি হেনরিখ ক্লাসেন। তার ৫৪ বলের সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক শিবির। তাতেই সিরিজে সমতায় শেষ করেছে প্রোটিয়ারা।
ক্লাসেন শেষ পর্যন্ত ৬১ বলে ১১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ৫টি ছক্কার মার। এর মাধ্যমে তিনি বনে যান দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান।
মঙ্গলবার (২১ মার্চ) পচেস্ট্রুমে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৪৮.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায়। ওপেনার ব্র্যান্ডন কিং দলের হয়ে সব থেকে বেশি (৭২) রান করেন। ৭২ বলের ইনিংসে তিনি ১১টি চার ও ১টি ছক্কা মারেন।
.png)
এছাড়া কাইল মেয়ার্স ১৪, ব্রুকস ১৮, শাই হোপ ১৬, নিকোলাস পুরান ৩৯, রভম্যান পাওয়েল ২, জেসন হোল্ডার ৩৬, আকিল হোসেন ১৪ ও ওডিন স্মিথ ১৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন মার্কো জানসেন, বিয়র্ন ফরচুইন ও জেরাল্ড কোয়েটজি। একটি করে উইকেট দখল করেন লুঙ্গি এনগিদি, ওয়েন পার্নেল ও এডেন মার্করাম।
রান তাড়া করতে নেমে ক্লাসেনের শতরান ছাড়া রাসি ভ্যান ডার ডুসেন ১৪, এডেন মার্করাম ২৫, ডেভিড মিলার ১৭ ও মার্কো জানসেন ৪৩ রান করেন। ক্যারিবিয়ানদের হয়ে ৩টি উইকেট নেন আলজারি জোসেফ। ২টি উইকেট নিয়েছেন আকিল হোসেন। ম্যাচের সেরা হয়েছেন ক্লাসেন। যুগ্মভাবে সিরিজের সেরা হয়েছেন শাই হোপ ও ক্লাসেন।