ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কয়রায় ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ফল বাতিলের দাবি

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬
কয়রায় ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ফল বাতিলের দাবি
ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগ পরীক্ষার ফল বাতিলের দাবিতে মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন নিয়োগ না পাওয়া পরীক্ষার্থীরা। তারা পরীক্ষার ফল বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কয়রা উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিয়োগে বঞ্চিত পরীক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

বিক্ষোভে অংশ নেওয়া পরীক্ষার্থীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিএনপি, ছাত্রদল ও যুবদলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কারা কীভাবে সুবিধা পেয়েছেন, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।

Advertisement

তারা বলেন, অভিযোগের সত্যতা যাচাই না করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলে বিতর্ক থেকেই যাবে। তাই বর্তমান ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

এর আগে কয়রায় ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু এবং গভীর রাত পর্যন্ত চলা নিয়েও পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।

এ ছাড়া ২৮ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহকারী পদে প্রাথমিকভাবে নির্বাচিত দুই প্রার্থীর নিয়োগ বাতিলের খবরও প্রকাশিত হয়েছে। যাচাই-বাছাইয়ে তাদের শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রের তথ্যে ত্রুটি পাওয়ার পর সংশ্লিষ্ট নিয়োগ বোর্ড এ সিদ্ধান্ত নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নিয়োগ কমিটির সভাপতি ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল বাকী।

তিনি বলেন, নীতিমালা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই।

বিক্ষোভকারীরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!