লালপুরে অবৈধভাবে মাটি পরিবহন, দুই ড্রাম ট্রাকসহ আটক ৪
নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের অভিযোগে দুটি ড্রাম ট্রাকসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে উপজেলার চিনির বটতলা এলাকায় ঈশ্বরদী-বাঘা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) এ.জে. মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে চিনির বটতলা এলাকায় অবস্থান করছিল। এ সময় ঈশ্বরদী থেকে বাঘাগামী মহাসড়কে অবৈধভাবে খনন করা মাটি পরিবহনের সময় দুটি ড্রাম ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। পরে ট্রাক দুটিতে থাকা চারজনকে আটক এবং যানবাহন দুটি উদ্ধার করা হয়।
আটকরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার পেয়ারাখালী গ্রামের মো. কাউসার আলী প্রামাণিক (৩০), সারাঘাট গ্রামের মো. শরিফুল ইসলাম (২২) ও মো. বাঁধন (২০) এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর।
.png)
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৯ এবং তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক চারজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।