এ ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল। পাশাপাশি টাইগারদের হয়ে দ্রুততম সেঞ্চুরি ও ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিকুর রহিম।
এর আগে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাত হাজারের ক্লাবে পা রাখেন সাকিব আল হাসান। একই সঙ্গে ৩০০ উইকেটও শিকার করেন এ অলরাউন্ডার।
.png)
বাংলাদেশ ক্রিকেটের এ তিন পান্ডবের অনন্য কীর্তি গড়ার কারণে তাদের বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এই তিনজনকে সম্মাননা দেয় বিসিবি।
এর আগে ড্রেসিংরুমে সাকিবকে নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ক্যারিয়ারের বেশিরভাগ সময় সাকিব বাংলাদেশে খেলেছে। প্রায় পুরোটা সময়ই সে খেলেছে বিশ্বের অন্যতম সেরা সব বোলারদের বিপক্ষে। এই পরিস্থিতিতে ৭ হাজার রান করা সহজ নয়।
তিনি আরো বলেন, গত ৫-৬ বছর ধরে যেভাবে সে পারফর্ম করছে কিংবা আমি আসার আগে থেকেই, বাংলাদেশে না হয়ে অন্য দেশের হয়ে খেললে তার রান ১০-১২ হাজার থাকতো। বিশেষ করে যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের হয়ে খেলতো।
তামিমকে সংবর্ধনা দেওয়ার আগে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, ‘তামিম যখন ভালো খেলে, তখন দলও ভালো খেলে। ১৫ হাজার রানের জন্য তোমাকে অভিনন্দন। আমি যখন এখানে আবার ফিরে আসি, চেয়েছি একটা ব্যাপার নিশ্চিত করতে। তুমি (তামিম), সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ যে কয়দিন খেলো, সম্ভবত আর তিন বছর, তা যেন তোমাদের সেরা সময় হয়।’
বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হাথুরু।
এ সময় টাইগারদের এই ওস্তাদ জানিয়েছেন, সাকিবের জন্য এই মাইলফলক গড়া মোটেও সহজ ছিল না।