ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্যান্সার ফাউন্ডেশন চালুর কারণ জানালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৩, ২৫ মার্চ ২০২৩
ক্যান্সার ফাউন্ডেশন চালুর কারণ জানালেন সাকিব
সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। শুক্রবার (২৪ মার্চ) ৩৬তম জন্মদিন পালন করেছেন তিনি। নিজের জন্মদিনে দেশবাসীকে বড় একটি উপহার দিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশনের উদ্বোধন করেছেন সাকিব। এটির নামকরণ করা হয়েছে ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’। 

সারা বিশ্বেই ক্যান্সার আক্রান্ত মানুষ রয়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। মরণব্যধি এ রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকা। সে সব চিন্তা করেই এমন উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক।

Advertisement

নিজের নামে ফাউন্ডেশন উদ্বোধনের পর সাকিব বলেছেন, আমি অনেক সময় অনেক কিছুর সঙ্গে জড়িয়েছি। চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই। এই ক্যান্সার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে সেটিই কারণ।

নতুন একটি ডায়াগনস্টিক সেন্টার তৈরির ইচ্ছা পোষণ করে সাকিব বলেন, ‘একটা ডায়াগনসিস সেন্টার করতে চাই। তারও আগে চাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে। আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। 

তিনি আরো বলেন, ‘অনেক আর্লি স্টেজে যদি এটা (ক্যান্সার) ধরা পড়ে কিংবা শুরুতেই ডায়াগনসিস করা যায়, তাহলে আমার মনে হয় এখন অনেক ভালো চিকিৎসা আছে। যার মাধ্যমে মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারবে।’

সাকিব বলেন, ক্যানসারকে সবাই মরণব্যাধি বলে। তবে এর ভয়ে পিছিয়ে থাকলে তো চলবে না। আমাদেরকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে, মানুষকে সাহস দিতে হবে, দেখাতে হবে আশা। আমরা সবাই মিলে সেই কাজটি করতে চাই।

তবে এবারই প্রথম নয়, এর আগেও ২০২০ সালে করোনা মহামারীতে 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' থেকে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাকিব। একই সঙ্গে করেছেন হেলথ কার্ডও। যার মাধ্যমে হাসপাতাল থেকে কম মূল্যে সেবা পেতে পারেন মানুষেরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!