শনিবার (২৫ মার্চ) ফিফা প্রীতি ম্যাচে সিলেশসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা। প্রথমার্ধের খেলার ৪২ মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন তারিক কাজী। জাতীয় দলের জার্সিতে এই ডিফেন্ডারের প্রথম গোল এটি।
আজ ম্যাচের শুরু থেকে প্রাধান্য বজায় রাখে বাংলাদেশ। একাধিক গোলের সুযোগও তৈরি করেছিল জামাল ভূঁইয়া দল। তবে লিড নেওয়া সেই গোল পেতে বাংলাদেশকে প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
.png)
খেলার ৪২ মিনিটে ফি-কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার দূরপাল্লার শট সিলেশসের ডিফেন্ডার ডিনের মাথা ছুঁয়ে ফিরে এলে সুযোগ বুঝে হেড করেন কাজী। তাতেই বলটি সিলেশসের জালে জড়ায়। এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। ঠিক সময়ে বলটিকে তালুবন্দী করতে না পেরে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন সিলেশসের গোলরক্ষক আলভিন মাইকেল। বাকি সময়ে গোল না হওয়ায় লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে এলিটাকে নামান জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আমিনুর রহমান সজীবের বদলি হিসাবে লাল-সবুজ জার্সিতে অভিষেক হলো এলিটার।

যদিও বাংলাদেশি পরিচয়ে বসুন্ধরার হয়ে এএফসি কাপে অভিষেক হয়েছিল এলিটার। তবে আক্ষেপ ছিল লাল-সবুজ জার্সিতে খেলার। সেই শখটা পূর্ণ হলো তার। ২০২১ সালে এলিটা কিংসলে বাংলাদেশ সরকার থেকে নাগরিকত্ব সনদ পান। নিজ দেশ নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। জাতীয় খেলা ছিল তার স্বপ্ন।
ঘরোয়া প্রিমিয়ার লিগে ২০২২ মৌসুমে ১২ ম্যাচে ৬ গোল করেছিলেন এলিটা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর হয়ে খেলছেন এলিটা। তিনি দেশি ফুটবলারদের মধ্যে প্রথম লেগে সর্বোচ্চ গোলদাতা।
২০২১ সালে জাতীয় দলের সঙ্গে ক্যাম্প করলেও খেলা হয়নি। আইনগত বিষয়ের জন্য সেইবার ঝুকি নেয়া হয়নি। গত দেড় বছর বাফুফে এ নিয়ে কাজ করেছে এখন সে বাংলাদেশি নাগরিক।