রোববার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রীতি ম্যাচে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়-পরাজয় অনেকাংশেই নির্ভর করবে কয়েকজনের পারফরম্যান্সের ওপর।
বিশেষ করে রদ্রিগো, ভিনিসিয়ুস, কাসেমিরোদের ওপর আলাদা নজর থাকবে সকলের। এই তিন ফুটবলারকে মরক্কো যদি আটকাতে পারে তাহলে ব্রাজিলের খেলায় যে সেটির প্রভাব পড়বে তা এক প্রকার নিশ্চিতই।
.png)
এদিকে পেলের মৃত্যুর পর এটাই ব্রাজিলের প্রথম ম্যাচ। আর সেজন্য তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি এই ফুটবলারকে বিশেষভাবে স্মরণ করবে ব্রাজিল। ইতোমধ্যে পেলেকে স্মরণ করতে উদ্যোগ গ্রহণ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে স্মরণ করে ম্যাচের আগে এক মিনিট সম্মান প্রদর্শন করবে ব্রাজিল ও মরক্কো। মাঠের চারপাশে বিজ্ঞাপন বোর্ডেও শোভা পাবে পেলের ছবি। ব্রাজিল দলের জার্সিতেও থাকছেন পেলে। প্রতিটি ফুটবলারের নাম ও জার্সি নম্বরের নিচে লেখা থাকবে পেলের নাম।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি রদ্রিগেজ বলেন, ‘পেলে সর্বকালের সেরা ফুটবলার। সিবিএফ তাকে সব সময়ই স্মরণে রাখবে, তিনি এটার প্রাপ্য। আমার সভাপতি মেয়াদকালে পেলেকে সব সময়ই স্মরণ করা হবে।’