ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রোডসের চোখে যিনি সর্বকালের সেরা ফিল্ডার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ৩০ মার্চ ২০২৩
রোডসের চোখে যিনি সর্বকালের সেরা ফিল্ডার
জন্টি রোডস

ক্রিকেট ইতিহাসে ফিল্ডিংয়ের ‘বাজপাখি’ বলা হয় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সাবেক ব্যাটার জন্টি রোডসকে। দীর্ঘ ক্যারিয়ারে ক্রিকেট মাঠে অসম্ভব সব ফিল্ডিং করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। অনেকের মতে, ফিল্ডিংয়ে তিনিই সর্বকালের সর্বসেরা।

তবে রোডসের চোখে ফিল্ডিংয়ে সর্বকালের সর্বসেরা অন্য কেউ! সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রোডস বলেছেন, ‘এই মুহূর্তে স্রেফ একজনই আছে, রবীন্দ্র জাদেজা।’

শুধু জাদেজাকে সেরাই বললেন না, ফিল্ডিংয়ে ভারতীয় অলরাউন্ডারের ধারে কাছে কাউকে রাখছেন না তিনি। তার মতে, ফিল্ডিংয়ের প্রতি দলগুলির দৃষ্টিভঙ্গি ও ফিল্ডিংয়ের সামগ্রিক বদল এসেছে আইপিএল শুরু হওয়ার পর থেকেই। 

তিনি আরো বলেন, ‘আইপিএল যখন শুরু হলো, তখন থেকেই কেবল লোকে ফিল্ডিংয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া শুরু করল। এর আগে সব দলের ফিল্ডিং কোচ ছিল না। ৫০ ওভারের ম্যাচে সময় অনেক, একটি দলে স্রেফ ৩-৪ জন ভালো ফিল্ডার থাকত, ৬-৭ জন ততটা ভালো থাকত না। কিন্তু আইপিএল শুরু হওয়ার পর আমরা দারুণ ফিল্ডিং দেখতে থাকলাম।’

রবীন্দ্র জাদেজা। ছবি- সংগৃহীত

একটা সময় দলগুলির ফিল্ডিং অনুশীলনের সুনির্দিষ্ট সূচি ছিল না। ফিল্ডিং অনুশীলন ক্রিকেটারদের কাছে মনে হতো বাড়তি ঝক্কির। সেই সময়ের সঙ্গে এখনকার পার্থক্যও তুলে ধরলেন রোডস। 

রোডসের ভাষ্যে, এখন সব দলেই ফিল্ডিং কোচ আছে এবং তাদের দায়িত্ব হলো কাজটা ঠিকঠাক সম্পন্ন করা। ব্যাটিং ও বোলিংয়ের মতোই এটি প্রতিদিন অনুশীলনের ব্যাপার। ফিল্ডিং কোচ হিসেবে ক্রিকেটারদের অনুরোধ করে অনুশীলনে আনতে হয় না আমাকে। আমি তাদেরকে পাচ্ছি নিয়মিত হিসেবেই। ফিল্ডিং এখন ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ।

প্রসঙ্গত, এবারের আইপিএলে লাখণৌ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন জন্টি রোডস। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!