ওয়ানডে বিশ্বকাপের পথে একধাপ এগোলো দক্ষিণ আফ্রিকা
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
এই জয়ে বিশ্বকাপ সুপার লিগে ২০ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিততে হবে প্রোটিয়াদের। সেই সঙ্গে আগামী মাসে বাংলাদেশের কাছে তিন ম্যাচ সিরিজের একটি ওয়ানডেতে হারতে হবে আয়ারল্যান্ডকে।
গতরাতে বোনোনিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে ১১ ওভারে ৫৮ রান তোলে নেদারল্যান্ডস। দলটির পরের দিকের ব্যাটাররা বড় জুটি গড়তে পারেনি।
.png)
দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬.১ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। দলের পক্ষে তেজা নিদামানুরু ৪৮ ও বিক্রমজিত সিং ৪৫ রান করেন। সিসান্দা মাগালা ও তাবরাইজ শামসি ৩টি করে ও আনরিখ নর্কিয়ে ২টি করে উইকেট নেন।
১৯০ রানের লক্ষ্যে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৯ রান করে ফেরেন ওপেনার কুইন্টন ডি কক। দ্বিতীয় উইকেটে ৭৯ বলে ৭০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন অধিনায়ক টেম্বা বাভুমা ও রাসি ভ্যান ডার ডুসেন।
৩১ রান করে আউট হন ডুসেন। তার বিদায়ের পর এইডেন মার্করামকে নিয়ে তৃতীয় উইকেটে ৬৯ বলে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১২০ বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন বাভুমা।
৮টি চার ও ১টি ছক্কায় ৭৯ বলে অপরাজিত ৯০ রান করেন বাভুমা। ৩৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫১ রান করেন মার্করাম। ম্যাচ সেরা হন মাগালা। আগামীকাল জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।