ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬, ৪ এপ্রিল ২০২৩
কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকায় চলছে অনূর্ধ্ব-১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপাকে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি। সেই ধারা অব্যাহত রেখে এবার তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সেলেসাওরা। 

মঙ্গলবার (৪ এপ্রিল) ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দল।

কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে এদিন দারুণ লড়াই হয়েছে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে। পুরো ম্যাচে ব্রাজিল ১৪টি ও কলম্বিয়া ১১টি শট নেয়। কলম্বিয়ার যুবারা ৫৬ শতাংশ বল পজিশনে রাখলেও শেষ পর্যন্ত জয় হয়েছে ব্রাজিলের। 

Advertisement

ম্যাচে একের পর এক আক্রমণ করে গেলেও ব্রাজিল ও কলম্বিয়ার কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে প্রথমার্ধ। কিন্তু কেউ লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচের সবগুলো গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। 

শুরুটা করেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের সময় পেনাল্টি পায় ব্রাজিল। সফল স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলের এদুয়ার্দো কোগিদজিকি আনাস্তাসিও। ১৩ মিনিট পর ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। ম্যাচে ৬৭তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন উইলিয়াম ক্যামিলো লোপেজ সান্তানা। 

বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি কলম্বিয়া। দুই মিনিট পর রিকুয়েলমি ফিলিপ মরিনহো ডি সুজাও গোল করে সেলেসাওদের লিড এনে দেন। ম্যাচে একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ৮৭তম মিনিটে কফিনে শেষ পেরেক ঠুকেন রায়ান ভিটর সামপ্লিসিও রোচা। 

যোগ করা অতিরিক্ত সময়ে বার্নার্দো ভালিম লাল কার্ড পেলে ম্যাচের ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। তবে এতে দলটির কোনো ক্ষতি করতে পারেনি কলম্বিয়া। শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়া ব্রাজিলের যুবারা। এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠলো ব্রাজিল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!